২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাংলাদেশিদের প্রত্যাহার নয়, স্থানান্তর করা হচ্ছে'

লিবিয়ার থেকে সব বাংলাদেশিকে প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই জানিয়ে পররাষ্ট্র সচিব বলেছেন, যারা ফিরতে চান, কেবল তাদেরই স্থানান্তর করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়া পরিস্থিতি নিয়ে সরকার উদ্বেগ প্রকাশ করলেও সেখান থেকে সব বাংলাদেশিকে প্রত্যাহারের কোনো পরিকল্পনা সরকারের নেই। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বলেন, "লিবিয়া প্রবাসীদের প্রত্যাহার করার কোনো পরিকল্পনা সরকারের নেই। যারা ফিরে আসতে চান, কেবল তাদেরই স্থানান্তর করা হচ্ছে।" উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন ও সহিংসতা চলছে। সচিব বলেন, লিবিয়া প্রবাসী যেসব বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে পাশের কোনো দেশে যাচ্ছেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সাহায্য নিয়ে কেবল তাদেরই দেশে ফিরিয়ে আনছে সরকার। "তবে এটা কোনো প্রত্যাহার পরিকল্পনার অংশ নয়, যারা দেশে ফিরতে চান, কেবল তাদেরই স্থানান্তর করা হচ্ছে।" তবে সরকার এক বিবৃতিতে লিবিয়ার সঙ্কটপূর্ণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। তিনি আশা প্রকাশ করেন, লিবিয়া ছেড়ে আশেপাশের দেশগুলোতে আশ্রয় নেওয়া ১৯ হাজারের মতো বাংলাদেশিকে এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। মিজারুল কায়েস জানান, লিবিয়া থেকে পালিয়ে আসার পথে গ্রিসে নিহত হওয়া তিন বাংলাদেশির লাশ বৃহস্পতিবার দেশে ফিরেছে। এরা হলেন-বরিশালে মোহন কামাল, সাভারের মোহাম্মদ শফিউল আজম ও গোপালঞ্জের ফরিদ খলিফা। গত ৬ মার্চ জাহাজে করে পালিয়ে আসার পথে গ্রিস উপকূলের কাছাকাছি এসে সমুদ্রে ঝাঁপিয়ে পড়লে মৃত্যু হয় তাদের। ওই ঘটনায় আরো ১১ জন নিখোঁজ রয়েছেন। সচিব বলেন, গ্রিসের সীমান্তে আটকে থাকা প্রায় তিন হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। লাশ পরিবহনে নিয়োজিত পরবর্তী কোনো ফ্লাইটে জায়গা পেলেই মিশর সীমান্তে মারা যাওয়া বাংলাদেশি জাহাঙ্গীর আফরাদের লাশ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি। মিজারুল কায়েস জানান, বুধবার পর্যন্ত মিশরের আর সালোম সীমান্তে ৩ হাজার ২৭ জন এবং তিউনিসিয়া সীমান্তে ১৫ হাজার বাংলাদেশি আটকে ছিলেন। তাদের মধ্যে ১ হাজার ৪৪৭ জনের বৃহস্পতিবার পাঁচটি ফ্লাইটে ঢাকা পৌঁছানোর কথা। এছাড়া কোরীয় কোম্পানি হানিল তাদের ১৫৪ জন বাংলাদেশি শ্রমিককে তিউনিস বিমান বন্দর থেকে দেশে পাঠানোর ব্যবস্থা করছে বলে জানান তিনি। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব শফিকুল আলম মেহেদী সংবাদ সম্মেলনে জানান, আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ১৩ মার্চ প্রথম ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। সপ্তাহে বিমানের পাঁচটি ফ্লাইট এ কাজে নিয়োজিত থাকবে। তিনি জানান, এ কাজে এয়ারবাস ও ডিসি-১০ উড়োজাহাজ ব্যবহার করবে বিমান। এসব বিমানে করে সপ্তাহে সর্বোচ্চ এক হাজার ৩০০ জন ফিরতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৭৫৪ ঘ.