ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘটনার প্রায় আট বছর পর রাজধানীর দনিয়ার স্কুলছাত্র তানজিরুল ইসলাম মিশেলকে অপহরণ এবং মুক্তিপণের দাবিতে হত্যার দায়ে তিন জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া এক জনকে যাবজ্জীবন এবং অন্য এক জনকে দেওয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড।
বৃহস্পতিবার এ রায় দেন ঢাকার ১ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক একেএম মোস্তফা দেওয়ান।
মৃত্যুদণ্ডে দণ্ডিতরা হলেন- শোয়েব ওরফে সোহেল, মো. হানিফ, মমতাজ ওরফে মনতাজ। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তের নাম মো. শাহীন।
৫ বছর কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে শ্যামপুর থানার তৎকালীন ওসি জাহাঙ্গীর আলমকে।
দণ্ডিতরে মধ্যে হানিফ ও শোয়েব পলাতক এবং মনতাজ কারাগারে রয়েছেন। জামিনে রয়েছেন ওসি জাহাঙ্গীর ও শাহীন।
ওসি জাহাঙ্গীর এখন নাটোরে আদালত পরিদর্শকের দায়িত্বে রয়েছেন বলে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনাকারী এবং এ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর আব্দুল কাইয়ুম খান।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শাহীনকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়ার অভিযোগে ওসি জাহাঙ্গীরের বিরুদ্ধে ওই সময় বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয়েছিলো।
২০০৩ সালের ৫ জুলাই মিশেলকে শ্যামপুর থানার দনিয়ায় শাহিনদের বাড়ির সামনে থেকে অপহরণের পর দাবি করা ৩ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে খুন করা হয়।
মামলার বিবরণে জানা যায়,ও ই দিন রাত সাড়ে ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে মিশেল বাড়ির বাইরে আসে। তারপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় তার বাবা সাইফুল ইসলাম প্রথমে শ্যামপুর থানায় একটি সাধারণ ডাইরি করেন। পরে তার কাছে টেলিফোনে অজ্ঞাতনামা কয়েকজন ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টেলিফোনে তারা জানায়, মুক্তিপণ না পেলে মিশেলকে হত্যা করা হবে।
অপহরণের ১৪ দিন পর মিশেলের গলিত লাশ রসুলবাগ জিয়া স্মরণীর পাশে একটি ডোবা থেকে উদ্ধার করা হয়।
এরপর মিশেলের বাবা একটি হত্যামামলা করেন। অন্যদিকে সাধারণ ডাইরির তদন্তের পর শ্যামপুর থানার সহকারী উপপরিদর্শক আব্দুস সুলতান বাদি হয়ে হত্যামামলা করেন।
ডাইরি এবং দুই মামলা একসঙ্গে প্রথমে তদন্ত করেন শ্যামপুর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন। তদন্ত গাফিলতির অভিযোগ এলে মামলাটির তদন্তভার নেন সিআইডির তৎকালীন সহকারী পুলিশ সুপার খালেকুজ্জামান।
অভিযোগপত্রে বলা হয়, আসামি শোয়েব ওরফে সোহেল গলা টিপে এবং চাকু দিয়ে গলা কেটে মিশেলকে হত্যা করে। এ কাজে তাকে সাহায্য করে আসামি হানিফ এবং মনতাজ।
মামলাটি ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতে ২০০৪ সালের ১৩ মে তারিখে অভিযোগ গঠনের পর বিচারের শেষ পর্যায়ে আসে।
কিন্তু এ মামলার আসামি ওসি জাহাঙ্গীর আলম হাইকোর্টে যান মামলা খারিজের জন্য। কিন্তু হাইকোর্ট তার বিরুদ্ধে মামলা চলবে বলে আদেশ দেয়। ওসি ওই আদেশ গোপন রেখে দ্রুত বিচার আদালত-১ এ মামলা থেকে অব্যাহতি নেন।
অন্য আসামিদের বিরুদ্ধে ওই আদালতের বিচারক শাহেদ নূর উদ্দিন অভিযোগ গঠন করে রাষ্ট্রপক্ষে ২২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
এ পর্যায়ে এ মামলার বিষয়ে গণমাধ্যমের প্রকাশিত একটি প্রতিবেদনের কারণে হাইকোর্ট স্বতপ্রণোদিত হয়ে মামলার নথি চায় এবং রায়ে ওসির বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেয়।
রায়ে হাইকোর্ট দ্রুত বিচার আদালত থেকে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আবার বিচারের নির্দেশ দেয়।
ওসি জাহাঙ্গীর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গিয়েও ব্যর্থ হন।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ২০০৮ সালের ২৭ এপ্রিল অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/এমআই/১৬৫০ ঘ.
bdnews24