দিনাজপুর, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাত সন্দেহে পুলিশের উপর হামলার জের ধরে দিনাজপুরের বিরল উপজেলায় এক গ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার ফরাক্কাবাদ ইউনিয়নের দুপ্তইর গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীরা জানিয়েছে।
তবে পুলিশ দাবি করেছে, গ্রামবাসী আগে তাদের উপর হামলা চালিয়েছে এবং তারা আত্মরক্ষার্থে লাঠিপেটা করেছে।
ফরাক্কাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফর রহমান বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে ইউনিয়নের খোজাপুর গ্রামের সুরেশ মহুরির বাড়িতে ডাকাতি হয়।
এই ঘটনার পর সোমবার রাত দেড়টার দিকে বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী দুইজন কনস্টেবলসহ পিকআপ নিয়ে দুপ্তইর গ্রামে শাহজাহানের বাড়িতে যায়।
পুলিশ নিজেদের পরিচয় দিয়ে সুরেশ মহুরিরর বাড়ির ঠিকানা জানতে শাহজাহানকে ঘরের বাইরে আসতে বলে।
কিন্তু শাহজাহান ঘর থেকেই পুলিশের সাথে কথা বলে, বাইরে বের হয়নি।
এসময় পুলিশ লাঠি দিয়ে দরজায় আঘাত করলে শাহজাহান ডাকাত ভেবে গ্রামের লোকজনের কাছে মোবাইলে টেলিফোনে ফোন করে সহযোগিতা চায়।
গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে এগিয়ে এসে তাদের ঘিরে ফেলে। অন্ধকারের মধ্যে কেউ একজন লাঠি দিয়ে আঘাত করলে তা এসআই হায়দার আলীর মাথায় লাগে।
তিনি বলেন, "এ ঘটনার খবর পেয়ে উপজেলার চেয়ারম্যান আনারুল ইসলাম ও আমি আহত পুলিশ সদস্যকে হাসপাতালে পাঠিয়ে দেই।"
মঙ্গলবারের ঘটনার বর্ননা দিতে গিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, "সকাল ১০টার দিকে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মকবুল হোসেনের নেতৃত্বে এক ভ্যান দাঙ্গা পুলিশ দুপ্তইর গ্রামের ছেতরা নামক স্থানে আফতাবের মিলের কাছে আসে। আমি ও উপজেলা চেয়ারম্যান তখন সেখানে যাই।
এসময় সেখানে জেলা পুলিশ সুপার (এসপি) সিদ্দিকী তাঞ্জিলুর রহমানও আসেন।
চেয়ারম্যান অভিযোগ করেন, তাদেরকে সেখানে বসিয়ে রেখেই পুলিশ শাহজাহানের বাড়ির সামনে গিয়ে হঠাৎ গ্রামবাসীর উপর ঝাঁপিয়ে পড়ে।
হামলায় আহত দুপ্তইর গ্রামের বাসিন্দা ইউসুফ আলী (৬৫), আবুল হোসেন (৬০), ইমদাদদুল হক (৬০), মিনা বেগম (৩০), মুর্শেদ কামাল (২৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ কাউকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই লাঠি ও হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি লোকজনকে পেটাতে থাকে।
এক পর্যায়ে গ্রামের প্রায় দুইশ নারী-পুরুষ আত্মরক্ষার্থে পালিয়ে পাশের পুনর্ভবা নদীর পাড়ে গিয়ে আশ্রয় নেয়।
হামলার সময় স্থানীয় ব্র্যাক স্কুল থেকে বাড়ি ফিরছিলো তানিয়া (৬)। পুলিশ তাকেও চড় মেড়ে তাড়িয়ে দেয়।
তানিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, "পুলিশ চড় দেওয়ার পর ভয়ে স্কুলে লুকিয়েছিলাম।"
পুলিশ চলে যাবার পর তাকে সেখান থেকে খুঁজে বের করা হয় বলে অভিযোগ করেন তানিয়ার মা মিনা বেগম।
তিনি জানান, তানিয়া আতঙ্কে দু'দিন যাবৎ ঘুমাতে পারছে না।
পুলিশের হামলার সময় গ্রামে বিয়ে ও অন্নপ্রাশনের দুটি অনুষ্ঠান চলছিলো। সেই অনুষ্ঠানেও হামলা চালানো হয় বলে গ্রামবাসী অভিযোগ করেন।
এক পর্যায়ে ৫ জন নারীসহ ১৯ গ্রামবাসীকে পুলিশ আটক করে গাড়ীতে তুলে নেয়।
কিন্তু স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানসহ গ্রামবাসীর চাপের মুখে এসপির নির্দেশে সেখানেই তাদের ছেড়ে দেওয়া হয়।
ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, "ডাকাত সন্দেহে পুলিশকে মারধর যারা করেছে তাদের গ্রেপ্তার করতে আমাদের কোনো সহযোগিতা না চেয়ে উল্টো আমাদের আড়ালে রেখে পুলিশ গ্রামবাসীর উপর যে বর্বরোচিত হামলা করেছে তার তদন্ত এবং বিচার দাবি করছি।"
পুলিশী হামলার তদন্ত ও বিচার চেয়েছে নির্যাতিত গ্রামবাসীরাও।
এ ব্যাপারে বিরল থানার ওসি একেএম মহসিনউজ্জামান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের উপর গ্রামবাসী হামলা চালালে পুলিশ আত্মরক্ষায় লাঠিচার্জ করে।"
তিনি জানান, এসআই হায়দারের উপরে হামলার অভিযোগে সুনির্দিষ্ট ৪ জন এবং অজ্ঞাত আরো অনেককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ সুপার সিদ্দিকি তাঞ্জিলুর রহমানও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একই কথা বলেন।
পুলিশের নির্যাতনে আহতদের কয়েকজন হচ্ছে আব্দুল ওয়াহাব (৬৫), সাদেক আলী (২৫), সুমন আলী (২৮), সচীন্দ্র নাথ (৫৫), হেমন্ত (৩০), মোখলেস আলী (২৫), সাগর চন্দ্র (২২), সেলিম (২৭), সুধাংশু (২৮), সাবুরাম রায় (৩০), বালিকান্ত (৩০), সদরু রায় (২৫), মোহন্ত রায় (৩০), কালু রায় (১৮), নিরঞ্জন (১২), নিপু চন্দ্র (১৮), সহীদা বানু (৪০), শেফালী বালা (৪৫), বাসন্তী বালা (২০), ননীবালা (১৮), কাঞ্চন বালা (১৭), মুক্তা বালা (১৮)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৫৭ ঘ.
bdnews24