ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চমূল্যে লাইসেন্স নবায়ন ও তরঙ্গ বিক্রি করে সরকারের রাজস্ব আয়ের সিদ্ধান্তে 'বিস্মিত' জিএসএমএ। সংস্থাটি তরঙ্গ বরাদ্দে স্বল্পমেয়াদি সময়সীমা নির্ধারণে বিটিআরসিকে অনুরোধ জানিয়েছে।
বুধবার রাজধানীর র্যাডিসন হোটেলে এক সংবাদ সম্মেলনে গ্লোবাল সিস্টেম মোবাইল অ্যাসোসিয়েশনের (জিএসএমএ)
দুই কর্মকর্তা সুসি হেন্ড্রি ও ক্রিস্টিন ডিউ এ অনুরোধ জানান।
সকালে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদসহ মোবাইল ফোন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে তরঙ্গ বরাদ্দ নীতিমালা নিয়ে একটি সেমিনারে অংশ নেন জিএসএমএস'র প্রতিনিধিরা।
মোবাইল ফোন অপারেটরদের লাইসেন্স নবায়নে বিটিআরসি প্রস্তাবিত খসড়া নীতিমালায় ১৫ বছরের জন্য তরঙ্গ বরাদ্দে ১৪ হাজার কোটি টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
নতুন খসড়া নীতিমালায় তরঙ্গ বরাদ্দের জন্য আবেদন ফি রাখা হয়েছে ৫০ হাজার টাকা। তরঙ্গ অ্যাসাইনমেন্ট ফি দিতে হবে প্রতি মেগাহার্টজে জিএসএম ১৮০০ ব্যান্ডের জন্য ১৫০ কোটি টাকা, ৯০০ ব্যান্ডের জন্য ৩০০ কোটি টাকা এবং সিডিএমএর প্রতি মেগাহার্ডজের জন্য ১৫০ কোটি টাকা।
লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে বাজারে থাকা চারটি অপারেটরকে নবায়ন করতে হবে।
জিএসএমএস'র ওই দুই কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেন, সরকার উচ্চমূল্যে তরঙ্গ বিক্রি করলে এটা মোবাইল অপারেটরদের বিনিয়োগে বাধা সৃষ্টি করবে। আর্থ-সামাজিক উন্নয়নেও এর নেতিবাচক প্রভাব পড়বে।
গত ৮ ফেব্র"য়ারি টেলিকম অপারেটর ওরাসকম বাংলাদেশ (বাংলালিংক), সিংটেল (সিটিসেল), টেলিনর (গ্রামীণফোন) ও এক্সিয়াটা (রবি) যৌথ সংবাদ সম্মেলনে খসড়া নীতিমালা পুনর্বিবেচনার দাবি জানায়।
তাদের বক্তব্য ছিলো- প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়ন হলে লাইসেন্স নবায়ন ও তরঙ্গ বরাদ্দের জন্য চার অপারেটরকে ১৪ হাজার কোটি টাকা দিতে হবে। একসঙ্গে এত টাকা দিলে তাদের ব্যবসা হুমকির মুখে পড়বে।
তাদের দাবির প্রেক্ষিতে ২৪ ফেব্র"য়ারি মোবাইল ফোন অপারেটরদের লাইসেন্স নবায়নের জন্য বিটিআরসির প্রস্তাবিত খসড়া নীতিমালা পুনর্বিবেচনার আশ্বাস দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এসআই/এএল/পিডি/১৮২৯ ঘ.
bdnews24