২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'না বুঝেই হরতাল'

প্রস্তাবিত নারী উন্নয়ন নীতি ভালোভাবে না বুঝেই ইসলামী ঐক্যজোট হরতাল ডেকেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 08:41 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত নারী উন্নয়ন নীতি ভালোভাবে না বুঝেই ইসলামী ঐক্যজোট হরতাল ডেকেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। ওই কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানোর পাশাপাশি তারা সতর্ক করে বলেছেন, হরতালের নামে যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড শক্তভাবে দমন করা হবে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। ওই সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হরতাল প্রত্যাহারের আহ্বান জানান মন্ত্রী সাহারা খাতুন ও প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। সাহারা বলেন, "৪ এপ্রিলের হরতাল জনগণই মোকাবেলা করবে। যারা ইস্যুবিহীন হরতাল ডেকেছে, তাদের হরতাল প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি।" শামসুল হক বলেন, "প্রকৃতভাবে ইসলাম ধর্ম মেনে চললে ইসলামী ঐক্যজোট হরতাল প্রত্যাহার করবে। "নারী নীতি নিয়ে ইসলামী ঐক্যজোট সঠিকভাবে অবহিত হয়নি, এ নীতি বাস্তবায়ন কোনোভাবেই ইসলামবিরোধী কাজ নয়", বলেন তিনি। যুদ্ধাপরাধীদের রক্ষার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এ হরতাল ডাকা হয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সব ক্ষেত্রে নারী-পুরুষ সমঅধিকারের প্রস্তাব রেখে প্রণীত নারী উন্নয়ন নীতি-২০১১ এর খসড়া গত সোমবার মন্ত্রিসভা অনুমোদন করেছে। ইসলামী ঐক্যজোটের একাংশ এর বিরোধিতা করে ৪ এপ্রিল হরতাল ডাকে। হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড হলে তা প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী। একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শিগগিরই শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। স্বাধীনতা দিবসের আগে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম গ্রেপ্তার হবেন কি না- জানতে চাইলে শামসুল হক বলেন, "গোলাম আযম সাহেব কেন গ্রেপ্তার হচ্ছেন না? জনগণের সঙ্গে আমারও প্রত্যাশা, গোলাম আযম গ্রেপ্তার হবেন।" ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতা দিবসে পরিস্থিতি অবনতির কোনো ধরনের আশঙ্কা করা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, যদি সে ধরনের কোনো পরিস্থিতি আসে তাহলে তা মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৪৪০ ঘ.