ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন লিবিয়া ফেরত একদল বাংলাদেশি। সেখানকার বাংলাদেশ মিশন থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেছেন তারা।
বুধবার জাতীয় প্রেসক্লাবে 'লিবিয়া প্রবাসী কল্যাণ সমিতি'র ব্যানারে ৪৬৫ জন শ্রমিক এ দাবি জানান।
চার দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগের দাবিতে গত ১৬ ফেব্র"য়ারি থেকে উত্তাল উত্তর আফ্রিকার দেশ লিবিয়া।
প্রবল সরকারবিরোধী আন্দোলন শুরুর পর বাংলাদেশিসহ হাজার হাজার বিদেশি নাগরিক সেখানে আটকা পড়েন। লিবিয়ায় থাকা লক্ষাধিক বাংলাদেশিদের মধ্যে অনেকে ইতোমধ্যে ফিরে এসেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৪ জানুয়ারি লিবিয়ানরা বাংলাদেশি শ্রমিকদের ওপর হামলা চালিয়ে মোবাইল, ল্যাপটপ, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র লুট করে তাদের ক্যাম্প পুড়িয়ে দেয়। এরপর তারা চাকরিদাতা কোম্পানির পুরাতন একটি ক্যাম্পে আশ্রয় নেন।
১৮ ফেব্র"য়ারি সেই ক্যাম্পে আবারো হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে তারা একটি মাদ্রাসায় আশ্রয় নেন।
ওই সময় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেও কোনো সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন প্রবাসী শ্রমিকরা।
অবশ্য এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগে থেকে বলে আসছেন, তারা সম্ভাব্য সবকিছু করছেন।
লিবিয়া প্রবাসী শ্রমিকরা সংবাদ সম্মেলনে জানান, পরে তারা কয়েকজন লিবিয় নাগরিকের সহায়তায় ২৩ ফেব্র"য়ারি মিশর সীমান্তে পৌঁছান।
সেখান থেকে অন্যান্য দেশের নাগরিকদের উদ্ধার করা হলেও বাংলাদেশিদের উদ্ধারে দূতাবাসের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
তারা জানান, এ ব্যাপারে লিবিয়ার বাংলাদেশি দূতাবাসের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত অভিযোগ দেওয়া হবে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় ২ থেকে ৪ মার্চের মধ্যে দেশে ফেরেন এসব শ্রমিক।
সংবাদ সম্মেলনে লিবিয়া ফেরত শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সুদমুক্ত ঋণ প্রদান, লিবিয়া সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে দেওয়া, নিয়োগকারী কোম্পানির কাছ থেকে বকেয়া বেতন আদায়, বাৎসরিক বোনাস, বিমান ভাড়ার অর্থ আদায় করা, বিদেশগামীদের জন্য ঝুঁকিবীমা নিশ্চিত করাসহ ১০ দফা দাবি জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ায় বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন। তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে, লিবিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার।
লিবিয়ায় অবস্থানকারী বিদেশিদের মধ্যে মিশরীয়দের পর বাংলাদেশিরাই সংখ্যাগরিষ্ঠ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান 'লিবিয়া প্রবাসী কল্যাণ সমিতি'র যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ।
এসময় সংগঠনের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, সদস্য সচিব মোমিনুর রহমান তালুকদার, সদস্য মো. সোহেল, কিশোর কুমার দাসসহ লিবিয়া ফেরত দুই শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
পরে তারা একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সমানে মানববন্ধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/সিএস/এমআই/১৪২০ ঘ.
bdnews24