নওগাঁ, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর রাণীনগরে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন দেওয়ায় নিলুফা বেগম (৪০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় রাণীনগর থানা পুলিশ উপজেলা সদরে ইসলামিয়া ফার্মেসি নামের ওই ওষুধের দোকানে অভিযান চালায়। তারা মেয়াদোত্তীর্ণ ৪ অ্যাম্পুল ইনস্যুলিন ইনজেকশন উদ্ধার করে।
এ ঘটনায় দোকান মালিক উপজেলার পশ্চিম বালু ভরা গ্রামের আবু নাছের পিন্ট ু(৪৮) ও কর্মচারী আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে শফিকুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
রাণীনগর থানার ওসি শাহরিয়ার খান জানান, উপজেলার গোনা গ্রামের আব্দুল হামিদের স্ত্রী নিলুফা বেগম ওই দোকান থেকে এক অ্যাম্পুল ইনস্যুলিন ইনজেকশন কেনেন। তিনি তার বাড়িতে শুক্রবার ও শনিবার দেহে ওই ইনস্যুলিন ইনজেকশন নেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় শনিবার রাতে তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৭টার দিকে তিনি মারা যান।
তার এক আত্মীয় ইনজেকশনের প্যাকেটে দেখতে পান সেটি মেয়াদোত্তীর্ণ। তিনি ওই দোকানে গিয়ে একই ইনজেকশন চাইলে তাকেও মেয়াদোত্তীর্ণ ইনজেকশন দেওয়া হয়।
এ ঘটনায় মৃতের স্বামী আব্দুল হামিদ সোমবার রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই দিনই দোকানে অভিযান চালিয়ে আরো ৪টি মেয়াদোত্তীর্ণ ইনজেকশন উদ্ধার করে এবং দোকান মালিক ও কর্মচারীকে গ্রেপ্তার করে।
আবু নাছের পিন্টু ও শফিকুল ইসলামকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেয়। দুজনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতনিধি/কেএমএস/২২০৮ ঘ.
bdnews24