নারায়ণগঞ্জ, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে ৩টি পোশাক কারখানায় ছাঁটাই বন্ধ, টিফিন ভাতা ও বার্ষিক প্রণোদনা বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে শ্রমিকেরা।
এ কারণে মঙ্গলবার দিনভর তিন কারখানায় উৎপাদন বন্ধ থাকে। পুলিশ ও র্যাবের উপস্থিতিতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্তৃপক্ষের সমঝোতা বৈঠক চলছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ইপিজেডের ভেতর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কারখানার শ্রমিক আবু আহম্মেদ, জুয়েল রানা ও হোসনে আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ইপিক-৩ গার্মেন্টসের সুইং অপারেটর আশা তার অসুস্থতার জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন জানায়। কিন্তু কর্তৃপক্ষ তার ছুটি মঞ্জুর করেনি। এ ঘটনার প্রতিবাদ জানায় সহকর্মী সুইং অপারেটর ফিরোজ শিকদার ও অন্যরা।
এতে কারখানা কর্তৃপক্ষের লোকরা ফিরোজ শিকদারকে আটক রেখে মারধর করে। পরে তার কাছ থেকে জোর করে সাদা কাগজে স্বাক্ষর রেখে কারখানা থেকে বের করে দেওয়া হয়।
মঙ্গলবার সকালে শ্রমিকেরা কারখানায় এসে ফিরোজ সিকদারকে কর্মস্থলে না দেখে বিক্ষুদ্ধ হয়ে উঠে। তারা সুইং বিভাগের উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে ইপিজেডের ভেতর ইপিক গ্র"পের অন্য দুটি প্রতিষ্ঠানেও শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তিনটি প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শ্রমিক উৎপাদন বন্ধ করে কারখানার বাইরে বেরিয়ে আসে।
খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে যায়। তাদের উপস্থিতিতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কারখানার কর্তৃপক্ষ আলোচনায় বসে।
শ্রমিক প্রতিনিধিরা ছাঁটাই বন্ধ, টিফিন ভাতা ও বার্ষিক প্রণোদনা ১৫ শতাংশ বৃদ্ধি, বেতন ও হাজিরা বোনাস ঠিকমত পরিশোধ, খাবারের মান বৃদ্ধি ও ৪ কর্মকর্তাকে ছাটাইসহ ১২ দফা দাবি পেশ করে। এর মধ্যে কর্তৃপক্ষ ৯টি দাবি মেনে নেয়। কিন্তু অন্য ৩টি দাবি মেনে না নেওয়ায় সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রমিকরা কাজে যোগ দেয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৪৩ ঘ
bdnews24