মাদারীপুর, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদিন ধরে মাওয়া-কাওরাকান্দি রুটে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।
এতে ১৭ কিলোমিটার দূরত্বের এই নৌ-রুটটি পার হতে ২৫ মিনিটের জায়গায় দেড় থেকে দুইঘণ্টা সময় লেগে যাচ্ছে। যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
বৃহস্পতিবার বিকালে মাওয়া ঘাটে কাওরাকান্দির স্পিডবোট মালিক করিম ও চালক মহিকে মারধর করা হয়।
এর জেরে শুক্রবার সকাল থেকে কাওরাকান্দির স্পিডবোট মালিক-শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়।
এ সমস্যা সমাধানে রোববার মাওয়া ঘাটে উভয় পাড়ের মালিক-চালকদের বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি বলে জানান কাওরাকান্দি স্পিডবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক ছোট দেলোয়ার হাওলাদার।
তিনি সাংবাদিকদের বলেন, প্রশাসনের নির্দেশনা মতো মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়া ঘাটে কাওরাকান্দির স্পিডবোটগুলোকে সিরিয়াল না দেওয়া, যাত্রীদের কাছ থেকে মাওয়া ঘাটের স্পিডবোটে বেশি ভাড়া আদায় ও কাওরাকান্দির শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে তারা অনির্দিষ্টকালের জন্য স্পিডবোট বন্ধ করে দেয়।
চারদিন ধরে স্পিডবোট চলাচল বন্ধ থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসন থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন।
এ রুটে পাঁচ শতাধিক স্পিডবোট চালু আছে বলেও তিনি জানান।
কাওরাকান্দি স্পিডবোট মালিক সমিতির সভাপতি বড় দেলোয়ার হাওলাদার বলেন, সিরিয়াল ও ভাড়ার বিষয়টির স্থায়ী সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৮ ঘ.
bdnews24