২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিকারের প্রতিবেদন

গত ছয় বছরে যৌতুকের দাবিতে নির্যাতন করে এক হাজার ২৫৭ জন নারীকে হত্যা করা হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন 'অধিকার'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 04:42 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত ছয় বছরে যৌতুকের দাবিতে নির্যাতন করে এক হাজার ২৫৭ জন নারীকে হত্যা করা হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন 'অধিকার'। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, যৌতুকের দাবিতে নির্যাতন সহ্য করতে না পেরে ২০০৫ সাল থেকে ২০১০ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৪৩ জন নারী আত্মহত্যা করেছেন। এছাড়া নির্যাতনের শিকার হয়েছেন আরো ৩৪৮ জন। নারীর প্রতি সহিংসতার কারণ হিসেবে পুরুষতান্ত্রিক মানসিকতা এবং সামাজিক বৈষম্যকে দায়ী করেছে সংগঠনটি। অধিকারের প্রতিবেদনে বলা হয়েছে, বিচার বিভাগের দুর্বলতায় নারীদের অধিকার সুরক্ষিত থাকছে না। প্রভাবশালীদের হস্তক্ষেপে অনেক সময়ই অপরাধীদের বিচারের আওতায় আনা যাচ্ছে না। এই হস্তক্ষেপ আর্থিক অথবা রাজনৈতিক অথবা উভয় ধরণেরই হয়ে থাকে।' প্রতিবেদনে বলা হয়, ২০০৫ সালের ১ জানুয়ারি থেকে ২০১০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫২৬ জন নারী এসিড সহিংসতার শিকার হয়েছেন। এই সময়ে ধর্ষণের শিকার হয়েছেন এক হাজার ৮৭৬ জন নারী ও এক হাজার ৫৯৮টি মেয়ে শিশু। আর গত বছর ২১৬ জন মেয়ে বখাটেদের হাতে যৌন হয়রানীর শিকার হয়েছেন। নারীকে সহিংসতা থেকে রক্ষায় এসিড অপরাধ দমন আইন (২০০২), এসিড নিয়ন্ত্রণ আইন (২০০২), যৌতুকবিরোধী আইন (১৯৮০), নারী ও শিশু নির্যাতন দমন আইন থাকলেও তার সঠিক প্রয়োগ নেই বলে অধিকারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া পুলিশ বিভাগের দুর্নীতি কিংবা আলামত সংরক্ষণের অভাবেও অনেক সময় নারীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করেছে অধিকার। ধর্ষণ বা পারিবারিক নির্যাতনের শিকার হয়েও নারীরা অনেক ক্ষেত্রেই সামাজিক কারণে আদালতে যান না উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, 'এ সমস্যার সমাধানে পুলিশকেই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে হবে এবং আলামত যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।' নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়ে এতে বলা হয়, ব্যর্থ পুলিশ সদস্যদের জাবাবদিহিতা ও তদন্তের মুখোমুখী করতে হবে। এ ছাড়া বিচার ব্যবস্থাকে শক্তিশালী করে 'ভিক্টিম' ও প্রত্যক্ষদর্শীদের যথোপযুক্ত সহায়তা নিশ্চিত করা এবং অনুমোদন ছাড়া এসিড কেনা-বেচা বন্ধে শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলারও দাবি জানিয়েছে অধিকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২২৩৫ ঘ.