সুনামগঞ্জ, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিবিএ নির্বাচন উপলক্ষে কাজের সময় মহড়া ও ভাংচুরের অভিযোগে সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানার সাত কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার কারখানার ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস এ বরখাস্তের আদেশ দেন।
বরখাস্ত হয়েছেন- মাস্টার অপারেটর ও সিবিএ'র যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সহকারী মাস্টার অপারেটর ও সিবিএ'র কার্যকরী সদস্য কামরুজ্জামান, শ্রমিক সুজাতুর রহমান, সুরুজ খাঁ, মফিজুর রহমান শাহিন, শেখ হাসানুর রহমান ও মীর রাহিদ।
এ বরখাস্তের আদেশের পর কর্মচারী ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে কারখানা এলাকায় দুপুর থেকে পুলিশ মোতায়েন করা হয়।
ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থপনা পরিচালক আলী আক্কাছ বলেন, কাজ ফেলে রেখে শ্রমিকরা মহড়া ও ভাংচুর করায় সাতজনের বিরুদ্বে ব্যবস্থা নেওয়া হয়েছে।
কারখানার সিবিএ সাধারণ সম্পাদক আবু মো. সেলিম বলেন, কারখানা কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনা না করে সামান্য কারণে সাতজনকে সাময়িক বরখাস্ত করেছে।
পুলিশ জানায়, শ্রমিক সমাবেশে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে রোববার সকালে সিবিএ নেতারা কারখানার বিভিন্ন কক্ষে যান। ওই সময় কিছু শ্রমিকও সিবিএ নেতাদের সঙ্গে ঘোরেন।
এরপর বের হওয়া শ্রমিকরা আবার নিজ কাজে যেতে চাইলে প্রধান গেটে কর্তৃপক্ষ তালা দেওয়ায় ঢুকতে পারেনি। ওই ঘটনায় শ্রমিকরা উত্তেজিত হয়ে গেটের জানালায় ভাংচুর চালায়।
সোমবার কারখানায় এসে সাত কর্মচারী বরখাস্তের আদেশ পান।
ছাতক থানার ওসি শাহ জালাল মুন্সি বলেন, উত্তেজনা কমাতে কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৯ ঘ.
bdnews24