২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯ হাজার ভবনের ভূমিকম্প-ঝুঁকি নিরূপণ

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ১৯ হাজার ভবনের ভূমিকম্প ঝুঁকি নিরূপণ করা হয়েছে। পর্যায়ক্রমে এ শহরগুলোর সব ভবনের ঝুঁকি নিরূপণ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ১৯ হাজার ভবনের ভূমিকম্প ঝুঁকি নিরূপণ করা হয়েছে। পর্যায়ক্রমে এ শহরগুলোর সব ভবনের ঝুঁকি নিরূপণ করা হবে। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, "স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন দালানকোঠা ও অন্যান্য কাঠামো সম্বলিত ডিজিটাল জিআইএস তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। "ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে যথাক্রমে দশ হাজার, ছয় হাজার ও তিন হাজার ভবনের ঝুঁকি নিরূপণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই শহরগুলোর সব ভবনের ঝুঁকি নিরূপণ করা হবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভূমিকম্পের ঝুঁকি মানচিত্র তৈরি করা হয়েছে।" আব্দুর রাজ্জাক জানান, মধুপুর অঞ্চলে রিখটার স্কেলে সাত মাত্রার ভূমিকম্প হলে ঢাকার প্রায় এক চতুর্থাংশ দালানকোঠা ভেঙে পড়বে। তিনি বলেন, "মধুপুর অঞ্চলে সাত মাত্রার ভূমিকম্প হলে তিন লাখ ২৬ হাজার দালানকোঠার মধ্যে ৭২ হাজার দালানকোঠা সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে।" নওগাঁ-২ আসনের সাংসদ মো. শহীদুজ্জামান সরকারের প্রশ্নের লিখিত জবাবে ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতি তথ্য তুলে ধরেন মন্ত্রী। একই সঙ্গে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্যসরকারের নানা পদক্ষেপও জানান দুর্যোগ ব্যবস্থানপনা মন্ত্রী। বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। তিনি জানান, ভূমিকম্প দুর্যোগ মোকাবেলায় সক্ষম ভবন নির্মাণের জন্য কারিগরি তথ্য সন্নিবেশিত করে বিল্ডিং কোড প্রণয়ন ও কার্যকর করার লক্ষ্যে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর কাজ করছে। ইতিমধ্যে গৃহীত ব্যবস্থা বিষয়ে মন্ত্রী জানান, সংশোধিত 'দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীতে-এসওডি' ভূমিকম্প ও সুনামি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রীর সভাপতিত্বে 'ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা কমিটি' গঠন করা হয়েছে। ভূমিকম্পের উৎস্য স্থল ফল্টগুলো নিরূপণ করা হয়েছে। "ঝুঁকি মানচিত্রের আলোকে জরুরি সময়ে করণীয় সম্পর্কিত পরিকল্পনা তৈরি করা হয়েছে," বলেন আব্দুর রাজ্জাক। তিনি জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে তিনটি শহরে ১২ হাজার কমিউনিটি স্বেচ্ছাসেবক সম্বলিত দল গঠন করা হয়েছে। সিডিএমপি-২-এর মাধ্যমে এই কমিউনিটি স্বেচ্ছাসেবকের সংখ্যা আরো ৩০ হাজার বাড়ানো হবে। মন্ত্রী জানান, কমিউনিটি স্বেচ্ছাসেবকদের জন্য উদ্ধারকাজে ব্যবহৃত প্রায় ৫ কোটি টাকার হালকা যন্ত্রপাতি কেনা শুরু হয়েছে। দুযোর্গ পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ৫৮ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে। আরো ১৮ কোটি টাকার যন্ত্রপাতি কেনার জন্য দরপত্র মন্ত্রণালয়ের অনুমোদিত হয়েছে। স্কুলগুলোয় ভূমিকম্প দুর্যোগের ঝুঁকি হ্রাসের জন্য জনসচেতনতা গড়তে ২৮টি স্কুলে নিরাপত্তা মহড়া প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া তিন সিটি কর্পোরেশনে রাজ মিস্ত্রি, রড মিস্ত্রি, ঈমামদের প্রশিক্ষণসহ ভূমিকম্পের আগে, ভূমিকম্পের সময় ও পরবর্তী সময়ে করণীয় বিষয়ে ১৫ হাজার লিফলেট ও ৮০ হাজার পোস্টার বিতরণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৭৫৯ ঘ.