ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ ছাড়া বিষয়ে অর্থমন্ত্রীকে ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া চিঠি নিয়ে 'কিছু করার' নেই বলে জানিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে শুনানির সময় নোবেল বিজয়ী ইউনূসের আইনজীবী ওই চিঠির প্রসঙ্গ তোলেন। এ বিষয়ে রোববার একটি সম্পূরক আবেদনও করেছেন ইউনূসের আইনজীবীরা।
শুনানিতে প্রসঙ্গটি আসলে আদালত বলে, দুজনের মধ্যে চিঠি চালাচালি হয়েছে। এটা ইউনূস ও মুহিত ভাইয়ের ব্যাপার। এ বিষয়ে আমাদের করার কিছুই নেই।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের বৈধতা নিয়ে হাইকোর্টে বৃহস্পতিবার রিট আবেদন করেন ইউনূস।
এর এক দিন আগে বুধবার কেন্দ্রীয় ব্যাংক গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী ইউনূসকে অপসারণের আদেশ দেয়।
ইউনূসের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ১২ জন পরিচালকের নয় জন একই দিন হাইকোর্টের একই বেঞ্চে আরেকটি রিট আবেদন করেন। ওই আবেদনেও ইউনূসকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
শুক্রবার গ্রামীণ ব্যাংকের এক প্রতিবাদ লিপিতে জানানো হয়, মুহাম্মদ ইউনূস এক বছর আগেই দায়িত্ব ছাড়ার আগ্রহের কথা জানিয়ে অর্থমন্ত্রীকে চিঠি লেখেন। ওই চিঠি প্রকাশও করে তারা। তবে গ্রামীণ ব্যাংকের প্রকাশিত ওই চিঠি খণ্ডিত বলে দাবি করেছে অর্থ মন্ত্রণালয়।
'পুনঃনিয়োগ মানেই অনুমোদন নিতে হবে'
অর্থমন্ত্রীকে ইউনূসের লেখা চিঠির প্রসঙ্গ উল্লেখ করে ইউনূসের আইনজীবী ব্যরিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, চিঠিতে ইউনূস চেয়েছেন আমার [তার] বিদায় যেন সুন্দর ও সম্মানজনক হয়। এর চেয়ে যৌক্তিক দাবি আর কী হতে পারে?
এ সময় আদালত বলে, উনি তো ওই চিঠিতে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে গিয়ে চেয়ারম্যান হতে চেয়েছিলেন। এটা তো সরকারের ব্যাপার।
রোকনউদ্দিন মাহমুদ বলেন, চেয়ারম্যানের কোনো ক্ষমতা নেই। যিনি এই ব্যাংকের প্রতিষ্ঠাতা, তিনি এর চেয়ারম্যান হতেই পারেন।
তিনি বলেন, ব্যবস্থাপনা পরিচালক পদে পুনঃনিয়োগের বিধান রয়েছে।
তখন আদালত বলে, পুনঃনিয়োগ মানেই তো অনুমোদন নিতে হবে। আপনারা সেটি নিয়েছেন কি না?
এ সময় রোকনউদ্দিন মাহমুদ বলেন, ইউনূসকে নিয়োগের ক্ষেত্রে ১৯৯০ সালে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেওয়া হয়েছে। পরবর্তীতে চাকরির শর্তাবলী বোর্ড ডিরেক্টরদের দ্বারা নির্ধারিত হবে।
আদালত বলে, ওই নিয়োগের অনুমতিপত্রে বলা আছে, পর্রর্বতীতে কোনো সিদ্ধান্ত যদি পূর্ববর্তী সিদ্ধান্তে ব্যত্যয় ঘটালে পুনঃঅনুমোদনের প্রয়োজন হবে।
রোকনউদ্দিন বলেন, অধ্যাদেশের ব্যত্যয় ঘটেনি। তাই অনুমোদনের প্রয়োজন হবে না।
"গ্রামীণ ব্যাংক 'ব্যাংক কোম্পানী আইন' এর আওতায় আসবে না। কেবল ৪৪ ও ৪৫ নম্বর ধারা প্রযোজ্য হবে।"
"৪৫ নম্বর ধারায় বলা হয়েছে, কেউ যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্বার্থবিরোধী কাজ করেন, আর্থিক শৃঙ্খলাভঙ্গ ও ব্যবস্থাপনায় অনিয়ম করেন, এমন সিদ্ধান্ত নেন যা বিদ্যমান ব্যাংকিং খাতে নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে বা নৈতিক স্খলন হয়, তাহলেই কেবল তাকে পদচ্যুত করা যাবে।"
"ড. ইউনূসের ক্ষেত্রে এর কোনটিই হয়নি, তাই তাকে পদচ্যুত করা বৈধ নয়," বলেন রোকনউদ্দিন।
'ইউনূসের নিয়োগে পুনঃঅনুমোদন প্রয়োজন হয় না'
এর আগে সকালে ইউনূসের আইনজীবীরা একটি আবেদনে জানান, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইউনূস চলে যেতে চেয়েছিলেন যা অর্থমন্ত্রীকে লেখা চিঠির মাধ্যমে জানানো হয়।
এ বিষয়টি তুলে ধরতে শুনানির জন্য বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে আবেদন করেন ইউনূসের আইনজীবীরা।
বেলা সাড়ে ১১টা থেকে ১২টা ১০ মিনিটি পর্যন্ত প্রথম দফা শুনানি চলে।
শুনানিতে মাহমুদুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক ১৯৯৯ সালের পর কার্যক্রম পরিচালনার মাধ্যমে কার্যত ইউনূসকে স্বীকৃতি দিয়েছিলো।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, ইউনূসকে শেষবার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হয়নি।
এ কারণেই বাংলাদেশ ব্যাংক তাকে অপসারণের আদেশ দিয়েছে বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোজাম্মেল হক।
মাহমুদুল বলেন, আইন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক পদে ইউনূসের নিয়োগের ক্ষেত্রে পুনঃঅনুমোদনের প্রয়োজন হয় না।
"কারণ ১৯৯৩ সালে গ্রামীণ ব্যাংকের সার্ভিস রুল বা ২০০১ সালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন ইউনূসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কারণ তিনি এর পূর্বেই নিয়োগ পেয়েছিলেন।"
"পরবর্তী বিধি পূর্বে নিয়োগ পাওয়া ব্যক্তির উপর প্রযোজ্য হবে না", বলেন তিনি।
তখন আদালত বলে, "চোর যদি চুরি করে, তাকে সেই সময় ধরতে না পারলে পরে ধরা কি অপরাধ হবে?"
মাহমুদুল বলেন, "যদি ধরেও নিই তিনি অবৈধ ছিলেন। তাহলে বাংলাদেশ ব্যাংক ১৯৯৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কি ঘুমিয়েছিলো।"
"এ সময়ে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক হিসাবে ইউনূসের সঙ্গে কার্যক্রম পরিচালনা করেছিলো। কার্যক্রম পরিচালনার মাধ্যমে তার নিয়োগ অনুমোদন হয়ে গেছে।"
তিনি বলেন, ওই সময়ে বাংলাদেশ ব্যাংক একটি অবজেকশন দিয়েছিলো। এর জবাব দেওয়ার পর বাংলাদেশ বাংক আর কিছু বলেনি।
"এর মাধ্যমে প্রমাণিত হয়, গ্রামীণ ব্যাংকের জবাবে বাংলাদেশ ব্যাংক সন্তুষ্ট হয়েছে", বলেন মাহমুদুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/পিডি/২১৩২ ঘ.
bdnews24