২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে আলু চাষীদের প্রতিবাদ সমাবেশের ডাক

আলুর দামে ধস ও হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে আলু চাষীরা সমাবেশ ডেকেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

কুড়িগ্রাম, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলুর দামে ধস ও হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে আলু চাষীরা সমাবেশ ডেকেছে। তারা আলু চাষী কল্যাণ সমিতি গঠন করে এর ব্যানারে রোববার সকালে নতুন রেলওয়ে স্টেশন এলাকায় প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। কুড়িগ্রামে দুটি হিমাগার খোলার আগেই বুকিং শেষ হয়ে যাওয়া ও ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চাষীরা শনিবার বিকালে জেলা প্রশাসকের বাসভবনে গিয়ে তার কাছে স্মারকলিপি চাষী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সালাম বকসী ও সাধারণ সম্পাদক উমর ফারুক এতে নেতৃত্ব দেন। সমিতির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম স্মারকলিপিতে অভিযোগ করেন, জেলায় এ. হক হিমাগার এবং বাবর কোল্ড স্টোরেজ নামের ২টি হিমাগারের ধারণক্ষমতা ২২ হাজার মেট্রিক টন। এরমধ্যে এ. হক হিমাগারে ১২ হাজার মেট্রিক টন এবং বাবর কোল্ড স্টোরেজে ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা রয়েছে। হিমাগার দুটি এখনও খোলা হয়নি। অথচ আলু রাখার জন্য বুকিং নেওয়া শেষ হয়ে গেছে। নির্দিষ্ট কিছু এজেন্ট ও বড় উৎপাদনকারীর নামে এই বুকিং করা হয়েছে। শুধু তাই নয়, বিদ্যুতের মূল্য ও ভ্যাট বৃদ্ধির কথা বলে প্রতি বস্তা আলুর সংরক্ষণ ভাড়া ২৫০ থেকে বাড়িয়ে ২৭৫ টাকা করার ঘোষণা দেওয়া হয়েছে। এখন চাষীরা হিমাগারে আলু সংরক্ষণ করতে চাইলে এজেন্টদেরকে বস্তাপ্রতি ২০ টাকা কমিশন দিয়ে রাখতে হবে। অথচ এখন প্রতি বস্তা আলুর দাম গ্রাণুলা জাত ৩০০ টাকা এবং কার্ডিনাল ও অন্যান্য জাত ৪৫০ টাকা। এই পরিস্থিতিতে চাষীদেরকে চরম লোকসান গুনতে হবে। তিনি এর প্রতিকার দাবি করেন। কৃষি বিভাগের হিসাব মতে জেলায় এবার আলুর আবাদ হয়েছে ৭ হাজার হেক্টর জমিতে। উৎপাদন আশা করা হচ্ছে কমপক্ষে ১ লাখ ২২ হাজার মেট্রিক টন। অন্যান্যবার আলু কেনার জন্য বিভিন্ন এলাকা থেকে পাইকার-মহাজনরা আসতো। এবার তারা আসেনি। ফলে এই বিপুল পরিমাণ আলু নিয়ে চাষীরা বিপাকে পড়েছেন। আলুর দামে নেমেছে ধস । এ. হক হিমাগারের মালিক পনির উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার তারা হিমাগার খুলবেন। তাদের হিমাগারে ১ লাখ ৪০ হাজার বস্তা সংরক্ষণ করা যায়। তারা কুড়িগ্রাম, রংপুর, সুন্দরগঞ্জ ও গঙ্গাচড়া এলাকার শতাধিক বড় উৎপাদনকারীর কাছে এ পর্যন্ত ১ লাখ ৫০ হাজার বস্তা আলু রাখার বুকিং নিয়েছেন। তিনি সংরক্ষণ ভাড়া ২৭৫ টাকা হতে পারে বলে জানিয়েছেন। এ ব্যাপারে বাবর কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৩৩ ঘ.