ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পরিচয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে শনিবার রাজধানীর মহাখালী এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ওবায়দুল হক (৩৪) ও মো. সোহেল (২৪)।
র্যাব-২ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহাখালী ফ্লাইওভারের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।"
তিনি জানান, ওই দুইজনের মধ্যে একজন ব্যবসায়ীদের টেলিফোন করে এসপি কামাল হোসেন হিসেবে নিজের পরিচয় দিতো। তারপর ডিআইজি মোশাররফ হোসেনের নাম উল্লেখ করে ফোন ধরিয়ে দিতো অন্যজনের হাতে।
সংশ্লিষ্ট ব্যবসায়ীকে তারা জানাতো, তাদের একজন পরিচিত গরীব লোক জটিল রোগে আক্রান্ত। তাকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন। ওই ব্যবসায়ীর মতো 'দানশীল ব্যাক্তি' সাহায্য করলে লোকটা বেঁচে যায়।
এরপর ওই ব্যবসায়ীর কাছে লোক পাঠিয়ে টাকা আদায় করতো ওই প্রতারক।
র্যাব কর্মকর্তা অনিস জানান, শুক্রবার এভাবেই একটি আবাসন কোম্পানির কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় ওবায়দুল ও সোহেল। পরে ওই কোম্পানির অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোনে প্রতারকদের সঙ্গে কৌশলে যোগাযোগ করে মহাখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা আরো কয়েকজনের কাছ থেকে এভাবে টাকা নেওয়ার কথা র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২১৪২ ঘ.
bdnews24