ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেল বিজয়ী ইউনূসকে অপসারণের প্রতিবাদে শনিবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। তবে পটুয়াখালীতে কর্মসূচি পালনে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ইউনূসকে গত বুধবার অপসারণের আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না নিয়ে সর্বশেষ মেয়াদে ইউনূসকে নিয়োগ দেওয়ায় তাকে অপসারণ ছাড়া কোনো উপায় ছিলো না বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন। তবে গ্রামীণ ব্যাংক বলছে, তার নিয়োগে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।
বাংলাদেশ ব্যাংকের আদেশের বিরুদ্ধে ইতোমধ্যে হাইকোর্টে রিট আবেদন করেছেন ইউনূস। রোববার এর আদেশ হওয়ার কথা রয়েছে।
এর একদিন আগেই গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সারাদেশে কর্মসূচি পালন করেন। তারা আগের আদেশ প্রত্যাহার করে অবিলম্বে ইউনূসকে পদে বহালের দাবি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পটুয়াখালী প্রতিনিধি জানান, সকাল ১০টায় জেলা শহরের সবুজবাগে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে জড়ো হয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
সেখান থেকে তাদের মৌন মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিলো। তবে পুলিশের বাধার কারণে মিছিল কিংবা মানববন্ধন করা যায়নি বলে ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক পান্না লাল দত্ত সাংবাদিকদের জানান।
এ বিষয়ে পটুয়াখালী জেলা পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা কোনো বাধা দেইনি। যেহেতু এটি একটি সরকারবিরোধী কর্মসূচি, তাই আমরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিরুৎসাহিত করেছি।"
চট্টগ্রাম ব্যুরো জানায়, সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে অংশ নেয় ব্যাংকের কয়েকশ কর্মকর্তা-কর্মচারী।
মানববন্ধনে অংশগ্রহণকারী কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোবেলজয়ী ইউনূসকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা ওই পদে ইউনূসকে বহাল দেখতে চান।
সিলেট প্রতিনিধি জানান, দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গ্রামীণ ব্যাংকের শতাধিক কর্মী মানববন্ধনে অংশ নেয়। ইউনূসকে তার পদে বহাল রাখার দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড বহন করে তারা।
মানববন্ধন শেষে তারা সিলেটের জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি দেয়।
গাজীপুর প্রতিনিধি জানান, সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে মানববন্ধন কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
একই সময় কাপাসিয়া উপজেলার বাসস্ট্যান্ড, কলেজ রোড মোড় ও শ্রীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণেও অনুরূপ কর্মসূচি পালিত হয়।
দেশের অন্যান্য জেলা প্রতিনিধিরাও একই কর্মসূচির খবর জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮৫০ ঘ.
bdnews24