টাঙ্গাইল, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-বাসাইল সড়কের ভাতকুড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত বজলুর রহমান (২৫) সদর উপজেলার গড়াসিন গ্রামের বাসিন্দা এবং রনির (২৫) বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।
টাঙ্গাইল থানার ওসি জসিম উদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে রনি বন্ধু বজলুর বাড়িতে বেড়াতে আসেন। দুই বন্ধু বেড়াতে বের হলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তির পর তারা মারা যান বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২৮ ঘ.
bdnews24