ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শান্তি চুক্তির আওতায় গঠিত পার্বত্য আঞ্চলিক পরিষদকে অসাংবিধানিক বলে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে সরকার।
সরকারের আপিলের আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার আপিল বিভাগ এ অনুমতি দেয়।
পার্বত্য শান্তি চুক্তির বৈধতার প্রশ্নে দায়ের করা দুটি রিট আবেদনে গত বছরের ১৩ এপ্রিল হাইকোর্ট রায়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইনকে অসাংবিধানিক ঘোষণা করে।
ওই রায়ে বলা হয়, এ পরিষদ বাংলাদেশের একক চরিত্র ধ্বংস করেছে। তবে রায়ে শান্তি চুক্তিকে বৈধ বলে ঘোষণা দেওয়া হয়।
সর্বোচ্চ আদালত আপিলের অনুমতি দেওয়ার পাশাপাশি হাইকোর্টের রায়ের ওপর আপিল বিভাগের চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছে।
আওয়ামী লীগ সরকারের আগের আমলে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করে সরকার। এর আওতায় সশস্ত্র সংগ্রামের পথ ছাড়ে পাহাড়ি সংগঠনটি।
শান্তি চুক্তির আওতায় আইনের মাধ্যমে গঠন করা হয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। জনসংহতি সমিতির প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) পরিষদের চেয়াম্যানের দায়িত্ব পালন করছেন।
শান্তি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ২০০০ সালে রাঙামাটির বাঙালি অধিবাসী মো. বদিউজ্জামান হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন।
পরে ২০০৭ সালে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম ওই চুক্তির বৈধতা নিয়ে অপর একটি রিট আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১২৫০ ঘ.
bdnews24