২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতোয়া অবৈধের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি

ফতোয়াকে অবৈধ ঘোষণা করে ২০০১ সালে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 11:43 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতোয়াকে অবৈধ ঘোষণা করে ২০০১ সালে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বুধবার এ শুনানি হয়। শুনানিতে আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী ড. কামাল হোসেন এবং আপিল আবেদনকারীর আইনজীবী নজরুল ইসলাম অংশ নেন। শুনানি শেষে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, "আমাদের সংবিধান ও আইনে বিচার বহির্ভূত শাস্তির বিধান বৈধ নয়। বরং এটা শাস্তিযোগ্য অপরাধ।" তিনি বলেন, নূরজাহান থেকে হেনা পর্যন্ত অনেককে বিচারবহির্ভূত শাস্তির মুখোমুখি করা হয়েছে। "ফতোয়ার নামে যা হচ্ছে সে বিবেচনায় এটাকে নিষিদ্ধ করা উচিত," বলেন ড. কামাল। অ্যাডভোকেট নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "ফতোয়া কোনো রায় নয়। রায় দিতে পারে কেবল আদালত। ফতোয়া হচ্ছে মতামত। এর কোনো কার্যকরী ক্ষমতা নেই।" বিশেষ ক্ষমতা আইন প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এ আইনের অনেক অপপ্রয়োগ রয়েছে। কিন্তু এরপরও এ আইন বাতিল বা এর প্রয়োগ নিষিদ্ধ হয়নি। তাই অপপ্রয়োগের কথা বলে ফতোয়াকে নিষিদ্ধ করাও ঠিক হবে না। ফতোয়া নিয়ে আদালতের দিকনির্দেশনা থাকলে এর অপপ্রয়োগ বন্ধ হবে বলে মন্তব্য করেন নজরুল। আদালত বৃহস্পতিবারের মধ্যে আপিলকারী পক্ষের বক্তব্য শেষ করতে বলেছে বলে জানান তিনি। ২০০১ সালের ১ জানুয়ারি বিচারপতি গোলাম রাব্বানী ও বিচারপতি নাজমুন আরা সুলতানার হাইকোর্ট বেঞ্চ ফতোয়াকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে একই বছর মুফতি মো. তৈয়ব ও মাওলানা আবুল কালাম আজাদ আপিল করেন। গত ১৪ ফেব্র"য়ারি এ আপিল শুনানিতে আদালত-বন্ধু (অ্যামিকাস কিউরি) হিসাবে টি এইচ খান, ব্যরিস্টার রফিক উল হক, ব্যরিস্টার রোকন উদ্দিন মাহমুদ, মাহমুদুল ইসলাম, ড. এম জহির, এ বি এম নুরুল ইসলাম, এ এফ হাসান আরিফ, ব্যরিস্টার রাবেয়া ভূঁইয়া এবং এম আই ফারুকীকে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার শুনানিতে আপিল বিভাগের সাত বিচারপতি উপস্থিত ছিলেন। অন্য বিচারপতি নাজমুন আরা সুলতানা হাইকোর্টে এ মামলার রায় দিয়েছিলেন বলে শুনানিতে অংশ নেননি। মঙ্গলবার ওই আপিলের ওপর শুনানি শুরু হয়। ওইদিন দুই পক্ষের বক্তব্যের ভিত্তি, যুক্তি ইত্যাদি সম্পর্কে আদালতে বক্তব্য উপস্থাপন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমইউএস/পিডি/১৭৪৪ ঘ.