ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কপিরাইট আইন ভঙ্গের একটি মামলায় গ্রামীণফোনের সাবেক প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদের বর্তমান চেয়ানম্যনসহ সাত জনকে তলব করেছে আদালত। আগামী ২৩ মার্চ তাদের সশরীরে হাজির হতে হবে।
সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এ আদেশ দেন।
গত ১৫ ফেব্র"য়ারি আবৃত্তিকার মেহেদী হাসান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন। তবে পরদিন তা ফেরত নিয়ে মহানগর দায়রা জজ আদালতে দায়ের করেন।
সোমবার মামলাটির গ্রহণযোগ্যতার ওপর শুনানি শেষে আসামিদের তলব করার আদেশ দেন বিচারক।
ইনফোরেভ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক, একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুজতবা সাত্তার, পরিচালক (প্রশাসন) মিসেস সাবরিনা আক্তার, ব্যবস্থাপক (মিডিয়া ও আইপি কনটেন্ট) মোহাম্মাদ তামজিদ উল আলম, গ্রামীণফোন লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেদাল, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সিগভে ব্রেক্কে এবং অডিও বাজারজাতকারী প্রতিষ্ঠান 'মার্স' এর স্বত্তাধিকারী আজিজুর রহমান কচিকে ২৩ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
শুনানি শেষে বাদিপক্ষের আইনজীবী মো. খালেদ হোসেন সরকার রুমী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "করপোরেট প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের শিল্পীসমাজকে সঠিক মূল্যায়ন করছে না। সরকারের সংশ্লিষ্ট বিভাগের উচিৎ, এসব অনিয়ম নজরদারি করা।"
মামলার আরজিতে বলা হয়, বাদি ১৯৯৩ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত বিভিন্ন আবৃত্তির অডিও ক্যাসেট প্রকাশ করেন, যা এখোনো জনপ্রিয়। আসামিরা পরস্পর যোগসাজসে মৌখিক বা লিখিত অনুমতি ছাড়াই বাদির বিভিন্ন অ্যালবাম থেকে আবৃত্তি নিয়ে গ্রামীণফোনের রিংব্যাক টিউন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যাবহার করে আসছে। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলেও তেমন কোনো সাড়া মেলেনি।
গত বছরের ২৬ ডিসেম্বর বাদি তাদেরকে প্রাপ্য পরিশোধের অনুরোধ করলেও তা বাস্তবায়ন করা হয়নি বলে আরজিতে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়, বাদি ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে আসামিদেরকে সাধারণ নোটিস ও পরে গত ১৬ জানুয়ারি আইনজীবীর মাধ্যমে আইনি নোটিস দেন। কিন্তু নোটিস পাওয়ার পরও আসামিরা এ অবৈধ কাজ থেকে বিরত থাকেননি।
এর আগে ২০০৯ সালের ২৮ অক্টোবরে গীতিকার, সুরকার, শিল্পী আপেল মাহমুদের দায়ের করা কপিরাইটের মামলায় হংকং সাংহাই ব্যাংক লিমিটেডের বাংলাদেশ অংশের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিলো। অবশ্য পরে তারা বাদির সঙ্গে আপোষে বিষয়টির মিমাংসা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জেকে/১৯৪০ ঘ.
bdnews24