২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় দু'মাস মাছ ধরা নিষিদ্ধ

মেঘনা নদীর চাঁদপুর-লক্ষ্মীপুরের একশ কিলোমিটার অংশে দু'মাস মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 11:05 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

চাঁদপুর, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা নদীর চাঁদপুর-লক্ষ্মীপুরের একশ কিলোমিটার অংশে দু'মাস মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দু'মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। জাতীয় মাছ ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল এ দু'মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদী এলাকায় সব ধরনের মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ থাকবে। এর মধ্যে চাঁদপুরের ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকা রয়েছে।" তিনি বলেন, "যদি কেউ মাছ ধরে বা জাল ফেলে তাহলে আইনগত ব্যবস্থা হিসেবে কারদণ্ড, জাল পুড়িয়ে দেওয়া এবং পাঁচ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে।" জাটকা রক্ষায় প্রতিবছর নভেম্বর থেকে মে পর্যন্ত জাটকার মৌসুম নির্ধারণ করে এ সময়ে জাটকা ধরা নিষিদ্ধ করা হয়। ওই সময় নদীতে জাটকা ছাড়া সব ধরনের মাছ ধরে জেলেরা। ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দু' মাসের জন্য চাঁদপুরের বিস্তীর্ণ নদীসীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। এ দু'মাস চাঁদপুরের মেঘনা নদীতে জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়। মৎস্য কর্মকর্তা রতন দত্ত বলেন, "এবার চাঁদপুরে ২৬ হাজার ৩শ' ৩৫ জন জেলেকে মার্চ মাস থেকে জনপ্রতি ২০ কেজি করে চাল দেওয়া হবে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১০ হাজার, হাইমচরে ১১ হাজার, মতলব দক্ষিণে ৮শ' ৩৫ জন এবং মতলব উত্তরে ৪ হাজার ৫শ' জন জেলে রয়েছে। তবে গত বছরের চেয়ে এবছর ১০ কেজি করে চাল কম দেওয়া হবে বলেও জানান তিনি। ২০১০ সালে ২৩ হাজার ৩শ' ৩৫ জেলেকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। এর আগে ২০০৯ সালে জেলায় ২২ হাজার ৯শ' জন জেলেকে পরিবার প্রতি ১০ কেজি করে চার মাস চাল দেওয়া হয়। রতন দত্ত আরো জানান, এবার চাঁদপুর জেলার মোট ১ হাজার ৯৮ জন জেলেকে উপকরণ সহায়তা দেওয়া হবে। অর্থাৎ তাদের গরু-ছাগল, সেলাই মেশিন, সার, বীজসহ বিভিন্ন ধরনের উপকরণ প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে- সদর উপজেলায় ৪১৫ জন জেলে, হাইমচরে ৪৫০, মতলব উত্তরে ১৮৫ জন এবং মতলব দক্ষিণ উপজেলায় ৪৮ জন জেলে। চাঁদপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কামরুল আনোয়ার বলেন, "সংশ্লিষ্ট মন্ত্রণালয় জেলেদের জন্য ফেব্র"য়ারি মাসের বরাদ্দ দিয়েছে। এই বরাদ্দের মধ্যে চাঁদপুর সদরে ১০ হাজার জেলে পরিবারের জন্য ৮শ' ৩৫ মেট্রিক টন, হাইমচরে ১১ হাজার জেলের জন্য ৮শ' ৮০ মেট্রিক টন, মতলব দক্ষিণে ৮শ' ৩৫ পরিবারের জন্য ৬৬ দশমিক ৮ মেট্রিক টন এবং মতলব উত্তর উপজেলার ৪ হাজার ৫শ' জেলে পরিবারের জন্য ৩শ' ৬০ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে।" ইতিমধ্যে সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তাদের কাছে এই বরাদ্দের চিঠি পাঠানো হয়েছে বলে তিনি জানান। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কামরুল আনোয়ার বলেন, "এবার জেলে পরিবারের সংখ্যা বেশি হওয়ায় এই বরাদ্দ ২০ কেজিতে নামিয়ে আনা হয়েছে। এক বছরে চাঁদপুর জেলায় সরকারি হিসেবে ৩ হাজার জেলে সংখ্যা বৃদ্ধি পেয়েছে।" চাঁদপুর কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মল্লিক বলেন, "এমনিতেই চাঁদপুরের মেঘনায় মাছ কম ধরা পড়ছে। তার উপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গতবারের চেয়ে ১০ কেজি করে চাল কম দেওয়ার কারণে জেলেদের চরম দুর্ভোগ পোহাতে হবে। চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় বসবাসকারী জেলে ছিদ্দিক মাল, হাসান রাঢ়ী, সেকান্দর আখন, জলিল কাজী ও নূরুল ইসলামসহ বেশ ক'জন জেলে বলেন, "গতবছর ৩০ কেজি করে চাল পেলেও এবার ২০ কেজি করে চাল দেওয়া হবে। কোনো অর্থ সহায়তাও দেওয়া হবে না। এই সামান্য চাল দিয়ে পরিবার-পরিজন নিয়ে বাঁচবো কীভাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৭০১ ঘ.