২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলনমেলা ভাঙছে সোমবার

বাঙালির প্রাণের মেলা একুশের বইমেলা শেষ হতে আর মাত্র একটি দিন বাকী। পাঠক, লেখক, প্রকাশকদের এই মিলনমেলা ভাঙছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 04:53 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঙালির প্রাণের মেলা একুশের বইমেলা শেষ হতে আর মাত্র একটি দিন বাকী। পাঠক, লেখক, প্রকাশকদের এই মিলনমেলা ভাঙছে সোমবার। তাই বিদায়ের সুর অনুরণিত হচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়। শেষ সময়ে তাই সবার মাঝে এ কথাটিই ঘুরেফিরে আসছে- আগামী মেলায় আবার দেখা হবেতো। বইমেলাই বাঙালির শ্রেষ্ঠতম মিলনমেলা। শত সমস্যা আর সীমাবদ্ধতার মাঝেও এই আয়োজন বছর-বছর আরও বর্ণিল হচ্ছে। বিদায় লগ্নে লেখক-প্রকাশক আর পাঠকরা বইমেলা থেকে প্রত্যাশা আর প্রাপ্তির হিসেব মেলাচ্ছেন। প্রাণের মেলা শেষ হয়ে যাবে এ যেন মেনে নিতে পারছেন না তারা। লেখক-প্রকাশকরা মেলা ব্যবস্থাপনায় ভালো দিকগুলোর প্রশংসার পাশাপাশি কিছু ক্ষেত্রে অব্যবস্থাপনার সমালোচনাও করছেন। এবার মেলায় প্রতিদিনই এসেছেন লেখক দিলদার হোসেন। বইমেলার লেখক আড্ডায় পাঠকদের কাছে সবচে' পরিচিত মুখ তিনি। মেলার শেষ পর্যায়ে এসে তার অনুভূতি জানাতে গিয়ে দিলদার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রাণের মেলায় অসাম্প্রদায়িক-স্বৈরাচার বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাই অংশ নিয়ে থাকে। ফলে এই মিলনমেলা ভাঙ্গার কথা ভাবতে সত্যিই খারাপ লাগে।" লেখক-প্রকাশকদের অভিযোগ, এবার ইমেলায় পাইরেটেড বই বিক্রি বন্ধে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বাংলা একাডেমী। আর মেলা প্রাঙ্গণে ধুলোবালি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। এবার বই বিক্রি প্রত্যাশার তুলনায় কম হয়েছে বলে দাবি করছেন প্রকাশকরা। মেলার পরিসর আরো বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা। কথা প্রকাশ'র মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৃজনশীল পুস্তক প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দিয়ে স্টল বরাদ্দ দেওয়ায় বাংলা একাডেমী প্রশংসার দাবিদার। মেলার পরিসর বাড়ানোর পাশাপাশি 'বই প্রকাশের সংখ্যার দিকে দৃষ্টি না দিয়ে গুণগত মান বিচারে' স্টল বরাদ্দ দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এই প্রকাশক পরামর্শ দেন যে, বইমেলার পরিসর বাড়াতে মেলার মূলমঞ্চ ও বিভিন্ন সংস্থার স্টলগুলোকে সোহরাওয়ার্দী উদ্যানে সরিয়ে নেওয়া যেতে পারে। শ্রাবণ প্রকাশনীর রবিন আহসান বলেন, "এবার মেলায় বই বিক্রি প্রত্যাশার তুলনায় অনেক কম হয়েছে। ক্রিকেট বিশ্বকাপের কারণে দর্শনার্থীর উপস্থিতি কম হয়েছে।" এদিকে শেষ হওয়ার একদিন আগে বইমেলা প্রাঙ্গণে দেখা যায়, প্রতিটি স্টলেই যেন বই বিক্রির ধুম চলছে। অধিকাংশ দর্শনার্থী তাদের পছন্দের বইটি কিনেই তবে বাসায় ফিরছেন। ২৭তম দিনে মেলায় আরো ৮৮টি নতুন বই এসেছে। এনিয়ে মেলায় নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো ২,৯৪২টি। এর মধ্যে কবিতার বই ৬৬৯টি। আর উপন্যাস ৪৭৭টি ও গল্প ৩৮১টি। মেলার নজরুল মঞ্চে ৩৯টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয় এদিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২৪০ ঘ.