২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্মি নাবিক উদ্ধারে চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনি'র নাবিকদের উদ্ধারে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি জাহান মনি'র নাবিকদের উদ্ধারে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার চট্টগ্রামে 'শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটির' ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, "আমাদের নাবিকসহ এমভি জাহান মনি সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক রয়েছে। সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি তাদের উদ্ধারের জন্য।" ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর মহাসচিবের সাথে আলাপকালে বিষয়টি তুলে ধরে এই নাবিকদের উদ্ধারে সহায়তা চেয়েছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তিনি জানান, আইএমও'র পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। গত ৫ ডিসেম্বর আরব সাগর থেকে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এমভি জাহান মনি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটিতে ২৫ জন নাবিক ও প্রধান প্রকৌশলীর স্ত্রী মিলে মোট ২৬ জন বাংলাদেশী রয়েছেন। এদিকে মুক্তিপণ প্রদান ও নাবিকদের উদ্ধারের বিষয়ে চূড়ান্ত পর্যায়ে আসা গেছে বলে জাহাজটির মালিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে। জাহান মনি'র মালিক প্রতিষ্ঠান ব্রেভ রয়েল শিপিং ম্যানেজমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মেহেরুল করিম শনিবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিম্মিদের উদ্ধার নিয়ে জলদস্যুদের সাথে আমরা একটি পর্যায়ে আসতে পেরেছি। নাবিক ও জাহাজ উদ্ধারে শিগগিরই একটি সিদ্ধান্তে আসা যাবে।" তবে মুক্তিপণের পরিমাণ এবং কোন সময়ে তা হতে পারে এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে চান নি মেহেরুল করিম। তিনি বলেন, "জাহান মনি'র বিষয়ে শিগগিরই সুখবর পাওয়া যাবে।" এর আগে গত ৩ ফেব্র"য়ারি জাহান মনি'র মালিকপক্ষ জিম্মি নাবিকদের পরিবারের সদস্যদের সাথে বৈঠকে জানান, 'মুক্তিপণ নিয়ে জলদস্যুদের সাথে একটি কাছাকাছি পর্যায়ে আসা গেছে'। মুক্তিপণ নিয়ে সাত দিনের মধ্যে সিদ্ধান্তে আসা যাবে বলেও সাংবাদিকদের জানানো হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/২০৪২ ঘ.