চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে অবকাঠামো উন্নয়নে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বৃহস্পতিবার বিকালে নগর ভবনে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র মনজুর আলমের সঙ্গে দেখা করেন এডিবি'র দক্ষিণ এশিয়া অঞ্চলের আরবান ডেভেলপমেন্ট ইকোনোমিস্ট মাসাইউকি তাসিরী।
এ সময় তিনি এ ইচ্ছা প্রকাশ করেন বলে জানিয়েছেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহম্মেদ।
বৈঠকে মেয়র নগরীতে জলাবদ্ধতা নিরসনে নতুন খাল খননসহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সীতাকুণ্ড, দোহাজারী ও নাজিরহাট থেকে নগরীতে কমিউটার ট্রেন চালু, সিসিসি'র হাউজিং প্রকল্প বাস্তবায়ন, পশু বাজার, ট্রাক টার্মিনাল ও আবর্জনা শোধনাগার নির্মাণে এডিবির সহায়তা চান।
জবাবে এসব বিষয়ে সম্ভাবতা যাচাই করে নগর উন্নয়নে সহায়তার আশ্বাস দেন তাসিরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/কেএমএস/২২১২ ঘ.
bdnews24