লিটন হায়দার
ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের পর ওই বাহিনীর সদস্যদের মধ্যে দেখা দেওয়া আস্থাসংকট দুই বছরেও দূর করা যায়নি বলে স্বীকার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বিদ্রোহের পর বিডিআর এর নাম বদলে করা হয় বিজিবি। সেই সঙ্গে বদলে ফেলা হয় এই বাহিনীর উর্দি (পোশাক)।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানার বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। ওই ঘটনার দুই বছর পূর্তি শুক্রবার।
মহাপরিচালকের কাছে জানতে চাওয়া হয় বিডিআর বিদ্রোহের পর আস্থার যে সংকট দেখা দিয়েছিলো দুই বছরে তা কতটুকু দূর করা সম্ভব হয়েছে?
জবাবে মেজর জেনারেল রফিকুল ইসলাম বলেন, "আমরা যদি বলি দুই বছরে মুছে যাবে তা একটু বেশিই আশা করা হবে! এ জন্য সময় লাগবে।"
তবে আস্থাহীনতা দূর করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
মহাপরিচালক বলেন, "সীমান্ত রক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে গত জানুয়ারিতে প্রায় ৩ হাজার ৮০০ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের যতো পাওনা ছিল বিশেষ ব্যবস্থা নিয়ে তার সব কয়টার সমাধান করেছি। তবে অবসর ভাতার ব্যাপারে কিছু কাজ বাকি আছে। এগুলো ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে সমাধান করা হবে।"
বিদ্রোহের সময় বিডিআর জওয়ানদের অন্যতম দাবি ছিল- তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠানোর ব্যবস্থা করা।
এ প্রসঙ্গে রফিকুল ইসলাম বলেন, "বিজিবি সদস্যদের সঙ্গে যখন কথা হয়, তখন তাদের বলি- জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যাওয়ার ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা রয়েছে, যা তোমরা জানো না। ওই মিশনের জন্য কাউকে নির্বাচনের ব্যাপারটি বাংলাদেশ সরকারের হাতে নয়। এটা জাতিসংঘের একটি শাখা নিয়ন্ত্রণ করে। তারা বলে দেয় কোথায় কী লাগবে। অর্টিলারি লাগবে না কি বোমা নিষ্ক্রীয় ইউনিট লাগবে, না কি মেডিকেল লাগবে- এগুলো তারা বলে দেয়। তারা যা চায় সেই বিশেষজ্ঞ তো বিজিবিতে নেই। শুধু আছে সীমান্তে সুরক্ষা দেওয়ার অভিজ্ঞতা।"
জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনের ক্ষেত্রে 'বয়স' অন্যতম একটি বিষয় বলেও জানান তিনি।
সেনাবাহিনী ও বিজিবির চাকরির মূল পার্থক্য তুলে ধরে মহাপরিচালক জানান, বিজিবিতে প্রথম দিন থেকেই তারা সিপাহী। কিন্তু সেনাবাহিনীতে তা হয় না। সেনাবাহিনীতে একজন সিপাহী ১৭-১৮ বছরে বয়সে ঢুকে মাত্র ২০ বছর চাকরি করে। অবসরে যাওয়ার সময় তার গড় বয়স দাঁড়ায় ৪০ বছর। কিন্ত বিজিবিতে একজন সিপাহী ১৭-১৮ বছর বয়সে ঢুকে প্রায় ৩৭ বছর চাকরি করে। অর্থাৎ ৫৭ বছর বয়স পর্যন্ত চাকরি করার সুযোগ রয়েছে।
"সীমান্ত রক্ষা এবং চোরাচালন প্রতিরোধ করার শর্তে বিডিআরে চাকরি দেওয়া হয়। যোগদানের পর থেকেই সে পূর্ণ বেতন পায়। একইভাবে সেনাবাহিনীতে যখন একজন আসে সে জেনেই আসে তাকে পার্বত্য এলাকায় দায়িত্ব পালন করতে হবে, আর সেনানিবাসে থাকতে হবে। ট্রেনিং শেষ হওয়ার পরই তাকে পূর্ণ বেতন দেওয়া হয়", বলেন তিনি।
২০০৯ সালের ওই বিদ্রোহের সময় বিডিআরে নিয়োজিত অন্যান্য সেনা কর্মকর্তার সঙ্গে নিহত হন এই বাহিনীর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদও। এর পর নিয়োগ পান মেজর জেনারেল মইনুল ইসলাম। পরে রফিকুল ইসলামকে তার স্থলাভিষিক্ত করা হয়।
বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে বিশেষ আদালত বসিয়ে দেশের বিভিন্ন স্থানে বিচার চলছে।
বিদ্রোহের বিচার সম্পর্কে মেজর জেনারেল রফিকুল ইসলাম জানান, পিলখানা সদরদপ্তরসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহের বিচার আগামী অগাস্ট মাসের মধ্যে শেষ করার চেষ্টা করা হবে। না হলে সেপ্টেম্বর পর্যন্ত যেতে পারে। এজন্য বিচারের কাজ খুব দ্রুত চলছে। একদিনে একাধিক আদালত চলছে।
অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে বিচারকাজ হচ্ছে বলে দাবি করেন তিনি।
বিচার চলাকালে কোনো হুমকি আসছে কি না জিজ্ঞেস করা হলে মহাপরিচালক বলেন, চিঠিতে হরহামেশাই আজেবাজে কথাবার্তা আসছে। বিভিন্নজন উড়ো চিঠি দিচ্ছে। বিভিন্ন নম্বর থেকে ফোন আসে।
এ প্রসঙ্গে রফিকুল ইসলাম আরো বলেন, "একবার তো বিদ্রোহ ও পিলখানা হত্যাযজ্ঞের মামলার বিশেষ প্রসিকিউটর অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজলসহ আমাকে কাফনের কাপড় পাঠানোর কথা বলে হুমকি দেওয়া হয়েছিলো। এসব বিষয় নিয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা এগুলো এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়া আনসারের মহাপরিচালক থাকাকালে মোবাইলে সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে একবার হুমকি পেয়েছিলাম।"
বিডিআর বিদ্রোহের পরপরই পিলখানায় নিহতদের স্বরণে স্মৃতিসৌধ নির্মাণের দাবি উঠেছিল। এটা আদৌ নির্মিত হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এইচএ/১৮২০ ঘ.
bdnews24