২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির সংলাপে গিয়ে ফিরে এলো জাসদ, বসেছে এলডিপি

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের নির্ধারিত সংলাপে গিয়েও জোটের অন্য শরিকদের না দেখে ফিরে এসেছে জাসদ। তবে সংলাপে বসেছে এলডিপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 05:27 AM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের নির্ধারিত সংলাপে গিয়েও জোটের অন্য শরিকদের না দেখে ফিরে এসেছে জাসদ। তবে সংলাপে বসেছে এলডিপি। নির্দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সহযোগিতা চেয়ে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের এ উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবং বিকালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের সঙ্গে বৈঠকের সময় ঠিক করে ইসি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপিকে আসতে বলা হয় মহাজোটের সঙ্গে বৈঠকের সময়ে। সকাল সাড়ে ১০টার দকে জাসদের কার্যকরি সভাপতি মইনুদ্দীন খান বাদল নির্বাচন কমিশন সচিবালয়ে যান। একই সময়ে যান এলডিপি মহাসচিব জাহানারা বেগমও। তবে কিছু সময় পরই বেরিয়ে আসে বাদল। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখানে কেউই আসেনি। মনে হচ্ছে, জোটে এক ধরনের গ্যাপ রয়েছে।" সংলাপে যোগ না দিয়েই ১১টা দিকে ফিরে যান তিনি। ওই সময় পর্যন্ত আওয়ামী লীগসহ মহাজোটের অন্য কোনো শরিক দলের প্রতিনিধিদের দেখা যায়নি। তবে এলডিপি মহাসচিব জাহানারা ইসির সঙ্গে বৈঠকে রয়েছেন। সংলাপে আওয়ামী লীগের অনুপস্থিতির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শামসুল হুদা সাংবাদিকদের বলেন, "তারা সংলাপে বসতে আরো সময় চেয়েছেন।" তবে মার্চ মাসেই ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা ধরে এগোনো ইসির হাতে সময় কম বলে উল্লেখ করেন সিইসি। সেক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে পরে বৈঠক হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়। তবে ২০ তারিখে আমন্ত্রণ জানিয়ে ২৪ তারিখে বৈঠকের সময় নির্ধারণ ঠিক হয়নি বলে স্বীকার করেন সিইসি। পরবর্তীতে এ ধরনের তাড়াহুড়ো করা হবে না বলেও আশ্বাস দেন তিনি। এ সংলাপের বিষয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ইউপি নির্বাচনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে আলোচনার এ উদ্যোগ। সংলাপের কারণ জানতে চাইলে তিনি বলেন, গত পৌরসভা নির্বাচনও নির্দলীয় নির্বাচন ছিলো। সংসদ সদস্য ও দলগুলোর স্থানীয় নেতাদের অবস্থানের কারণে ওই নির্বাচন দলীয় নির্বাচনে পরিণত হয়। "এবার কয়েক হাজার ইউনিয়ন পরিষদেও যদি দলগুলোর একই কর্মকাণ্ড থাকে ও প্রভাব খাটানোর চেষ্টা করে, তাহলে নির্বাচন অনুষ্ঠানে ইসির বেশ অসুবিধা হবে। আইননানুগভাবে ইউপি নির্বাচন নির্দলীয় নির্বাচন। তাই এ নির্বাচন আয়োজনে দলগুলোর কাছে সহযোগিতা চাইবো আমরা", বলেন সাখাওয়াত। সংলাপে আমন্ত্রিত দলগুলো হচ্ছে- আওয়ামী লীগ ও এর শরিক জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। বিএনপি ও এর শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি। দুই জোটের বাইরে ডাক পেয়েছেন এলডিপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১১২৫ ঘ.