ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে থাকা জিয়াউর রহমানের প্রতিকৃতিটি ভেঙে ফেলা হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে স্তম্ভ থেকে জিয়ার প্রতিকৃতি ভেঙে ফেলা হয় বলে বিএনপি সমর্থক ছাত্রদল নেতারা জানিয়েছেন।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক যুগ্ম সম্পাদক আকরামুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে জিয়াউর রহমানের প্রতিকৃতি ভেঙে ফেলে নির্মাণকর্মীরা।
স্বাধীনতা স্তম্ভে পুলিশ ও আনসার সদস্যরা পাহারায় রয়েছে। বৃহস্পতিবার সকালে সাংবাদিকরা ভেতরে ঢুকতে চাইলে তারা বাধা দেয়।
পাহারারত পুলিশ সদস্যরা সাংবাদিকদের বলেন, তারা 'উপরের নির্দেশে' এখানে পাহারা দিচ্ছেন। তবে কাদের নির্দেশ, তা স্পষ্ট করেননি তারা।
এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্মাণ কাজের অংশ হিসেবে এটা সংস্কার করা হচ্ছে। তবে কী করা হচ্ছে, আমরা তা জানি না।"
এ বিষয়ে শাহবাগ থানার ওসি রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারা কী করছে, সে বিষয়ে আমি কিছু জাানি না।"
আওয়ামী লীগের এর আগের সরকারের আমলে স্বাধীনতার স্মৃতি বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্মম্ভ নির্মাণের উদ্যোগ নেয়। তবে পরে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট ক্ষমতায় যাওয়ার পর এর কাজ আটকে যায়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর আবার কাজ শেষ করার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.
bdnews24