চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলার 'কেস ডায়রি' (সিডি) জমা দিলেন তদন্ত কর্মকর্তা সিআইডি'র জ্যেষ্ঠ এএসপি মনিরুজ্জামান চৌধুরী।
বুধবার সন্ধ্যায় তিনি চট্টগ্রাম মহানগর দায়রা জজ একেএম শামসুল ইসলামের আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে স্পর্শকাতর এ মামলার সিডি জমা দেন।
বৃহস্পতিবার সকালে বিচারক দশ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের সময় বাড়ানোর আদেশ দিতে পারেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দিন।
বারবার অধিকতর তদন্তের সময় বাড়ানোর আবেদন করা এবং মামলা সংশ্লিষ্ট নথি সঙ্গে না আনায় মঙ্গলবার আইওকে আদালত তিরস্কার করে। ওইদিন সময় বাড়ানোর আবেদনের শুনানির দিন ধার্য ছিল।
কিন্তু বিচারক সময় বাড়ানোর কোন আদেশ না দিয়ে আইওকে 'কেস ডায়রি' জমা দেওয়ার নির্দেশ দেন।
সেইসঙ্গে আদালত আগামী ৩০ মার্চ এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য এবং ওইদিন এ মামলায় গ্রেপ্তার সব আসামিকে আদালতে হাজির করার নির্দেশও দেন।
মহানগর পিপি মঙ্গলবার বলেছিলেন, "বারবার অধিকতর তদন্তের সময় নিয়েও কেন তদন্ত প্রতিবেদন জমা দেওয়া যাচ্ছে না- এ বিষয়ে আদালত তদন্ত কর্মকর্তার কাছে জানতে চায়। এক পর্যায়ে আদালত কেস ডায়রি দেখতে চাইলে আইও তাও দেখাতে ব্যর্থ হন। এতে বিচারক ক্ষোভ প্রকাশ করেন।"
এর আগে রোববার তদন্তের মেয়াদ পুনরায় ৯০ দিন বাড়ানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
২০০৯ সালের ১৮ জানুয়ারি রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অধিকতর তদন্তের জন্য মামলার আইও পরিবর্তনের নির্দেশ দেয়। ওইসময় মনিরুজ্জামান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়। তিনি দায়িত্ব নেওয়ার পর অধিকতর তদন্তের জন্য ১১বার সময় বাড়ানোর আবেদন করেন।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১১৫ ঘ.
bdnews24