ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণে সরকারের পরিকল্পনা আড়িয়ল বিলের মতোই স্থানীয়দের বিরোধিতার মুখে পড়েছে।
কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদসসহ স্থানীয় কয়েকটি সংগঠন সরকারের পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
তারা বলছেন, জীবনের বিনিময়ে হলেও তারা জমি অধিগ্রহণ রুখে দাঁড়াবেন।
স্থানীয়দের সহিংস বিক্ষোভের মধ্যে সরকার সম্প্রতি মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর স্থাপনের পরিকল্পনা থেকে সরে দাঁড়ায়।
সংবাদ সম্মেলনে কাউন্সিলর কামাল আজাদ বলেন, "বিমানবন্দর সম্প্রসারণের জন্য যে পরিমাণ জমি বরাদ্দ চাওয়া হয়েছে, এ কাজে এত জমির প্রয়োজন নেই। বরং কর্মকর্তারা তাদের বিলাসিতার জন্য কটেজ বা রেস্ট হাউস নির্মাণের জন্য এত জমি চাওয়া হয়েছে।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের জন্য সরকার ৬০২ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওতায় বিমানবন্দরের রানওয়ে ৬ হাজার ৭৭৫ ফুট থেকে ৯ হাজার ফুট দীর্ঘ ও ১৫০ ফুট থেকে ২০০ ফুট প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কাজের জন্য বর্তমানে বিমানবন্দরের নিজস্ব জমিই যথেষ্ট দাবি করে তারা বলেন, তারপরও বৃহত্তর কুতুবদিয়া পাড়া, সমিতি পাড়া, ফদনার ডেইল, বন্দরপাড়া ও নাজিরার টেকসহ ১ নম্বর ওয়ার্ডের ১৬টি মহল্লা বিমানবন্দরের জন্য অধিগ্রহণ করার উদ্যোগ নিয়েছেন।
এতে প্রায় ৪০ হাজার মানুষ বসতভিটা হারাবে বলে কাউন্সিলর আজাদ জানান।
তিনি বলেন, বিমানবন্দরের নিজস্ব জমির একটি বড় অংশ বর্তমানে অব্যবহৃত রয়েছে। এছাড়াও প্রায় ৫৮ একর জমি বর্তমানে অবৈধ দখলদারদের দখলে রয়েছে। এসব উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
সংবাদ সম্মেলনে কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের পরিবর্তে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথের উন্নয়নের দাবি জানানো হয়।
এতে কক্সবাজার মৎস্য সমবায় সমিতির সভাপতি আতিক উল্লাহ সওদাগর, উপকূলীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল উদ্দিন ও দক্ষিণ কুতুবদিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব জাহেদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩৩০ ঘ.
bdnews24