ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৪ সালের মধ্যে দরিদ্র্য ও নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে ছাত্রলীগসহ ছাত্রসমাজকে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
আওয়ামী লীগ প্রধান বলেন, "প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে নিজেদের পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে নিজ নিজ এলাকার নিরক্ষরদের অক্ষর জ্ঞান দেওয়া।"
চারদলীয় জোট সরকারের সময় শিক্ষা ও বিদ্যুৎসহ সব ক্ষেত্রে দেশকে পিছিয়ে দিয়ে গেছে দাবি করে সরকারপ্রধান বলেন, "পিছিয়ে পড়া দেশকে আবার সামনের দিকে এগিয়ে নিতে আমাদের বেগ পেতে হচ্ছে।"
তিনি জানান, সরকার ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা ২৫ ভাগের নিচে নামিয়ে এনছে। আগামীতে কোনো দরিদ্র বাবা-মার সন্তান যেন অর্থের অভাবে পড়াশুনা বন্ধ করতে না হয় সেজন্য সরকারিভাবে ট্রাস্ট গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "যে কোনো দায়িত্ব বাংলাদেশের মানুষ পালন করতে পারে- তা বিশ্ববাসীকে দেখিয়েছে। বিশ্বকাপ ক্রিকেট উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে বাংলাদেশ বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। বাংলাদেশের সামনে এখন একমাত্র চীন।"
দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বক্তব্যের সমালোচনা করে বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "এগুলো সস্তা কথাবার্তা। সংবাদ সম্মেলন করে এ সব কথা বলা দুঃখজনক বলে মনে করি। সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে- রাজনীতি ব্যবসায়ীদের দখলে চলে যাচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে মাত্র দু'জন ব্যবসায়ী রয়েছেন।"
রোববার মিট দি রিপোর্টার্স অনুষ্ঠানে জলিল বলেছিলেন, রাজনীতি ব্যবসায়ীদের দখলে চলে যাচ্ছে।
আশরাফ আরো বলেন, "সংসদে সব স্তরের প্রতিনিধি না থাকলে তা স্বয়ংসম্পূর্ণ হয় না।"
জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সাহারা খাতুন, মোহাম্মদ নাসিম, মাহাবুব-উল-আলম হানিফ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২১৮ ঘ.
bdnews24