ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জুসের সঙ্গে মদ খাইয়ে এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া পল্লবী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে যুবকের লাশ।
অন্যদিকে মঙ্গলবার বিকালে বাড্ডায় গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যবসায়ী।
ওই শিশুর নাম কালা চাঁন। তার মা কোহিনূর বেগম সাংবাদিকদের অভিযোগ করেন, ১৭ ফেব্র"য়ারি তেজগাঁও ট্রাক স্টেশন এলাকায় স্থানীয় জাহাঙ্গীর, জহির ও বাচ্চু তার ছেলেকে জুসের সঙ্গে মদ খাওয়ায়। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হলে সোমবার কালা চাঁন মারা যায়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে জুসের সঙ্গে মদ মিশিয়ে ওই শিশুকে খাইয়ে দেওয়া হয়েছিলো।"
পল্লবীতে উদ্ধার করা লাশটির আলাউদ্দিন (২৫) নামে এক যুবকের। ইষ্টার্ন হাউজিং বকুল তলার ড্রেনের চ্যানেল থেকে নামে লাশ উদ্ধার করা হয়।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই যুবককে স্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক প্রমাণ মিলেছে।
আলাউদ্দিন পশ্চিম শেওড়া পাড়ার ৬১৬ নম্বর বাসায় থাকতো।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
ওদিকে, ক্লাব তৈরিকে কেন্দ্র করে বাড্ডায় ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার কথা জানান বাড্ডা থানার উপপরিদর্শক মো. শাহজাহান।
তিনি জানান, গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম হারুনুর রশিদ (৩৮)। এ ঘটনায় কোনো মামলা হয়নি।
গুলিবিদ্ধ ব্যবসায়ীর চাচা পলাশ আহমেদ জানান, ডিআইটি মাঠে ক্লাব তৈরিকে কেন্দ্র করে হারুনের একদল যুবকের ঝগড়া হয়। এক পর্যায়ে গুলি করলে হারুন গুলিবিদ্ধ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/পিডি/২১২৬ ঘ.
bdnews24