মানিকগঞ্জ, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সাটুরিয়ায় ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
মঙ্গলবার ভোরে উপজেলার গোলড়া-সাটুরিয়া সড়কের কামতা এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত চঞ্চল ওরফে জুয়েলের (২৮) বাড়ি ঢাকার সাভারের বলিভদ্র এলাকায়। আহত জয়নালের (২৬) বাড়ি মানিকগঞ্জের ফাড়িরচর গ্রামে।
সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৬টার দিকে ৬/৭ জন ডাকাত কামতায় যাত্রীবাহী একটি টেম্পোতে ডাকাতির সময় যাত্রীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে।
জুয়েল ও জয়নাল ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়। পরে তাদের ধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ আহত দুজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে জুয়েল মারা যান।
সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. রুহুল কুদ্দুস বলেন, লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯২৭ ঘ.
bdnews24