ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন ভাঙা বিষয়ে রুলের শুনানিতে সাত আদালত-বন্ধুর (অ্যামিকাস কিউরি) মত চেয়েছে আদালত।
এরা হলেন- অ্যাডভোকেট মাহবুবে আলম, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, ব্যরিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যরিস্টার আখতার ইমান, ব্যরিস্টার সারাহ হোসেন ও অ্যাডভোকেট মনজিল মোরসেদ। এছাড়া পরিবেশ বিষয়ক সংগঠন বেলা'র পক্ষ থেকে একজন আইনজীবীও আদালত-বন্ধু হিসেবে থাকবেন।
বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার তাদের আদালত-বন্ধু হিসেবে নির্বাচন করেন।
গত বছরের ৩ অক্টোবর ওই বিজিএমইএ ভবন ভাঙার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে দুই সপ্তাহ সময় দেয় হাইকোর্ট। এর আগের দিন (২ অক্টোবর) ইংরেজি দৈনিক নিউ এইজে প্রকাশিত বিজিএমইএ ভবন সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন অ্যাডভোকেট ডিএইচএম মনিরউদ্দিন।
এরপর আদালত স্বপ্রণোদিত হয়ে ওই ভবন ভাঙার সময় বিষয়ক রুল জারি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৮৪৪ ঘ.
bdnews24