ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় বিক্ষোভকারীদের হাতে বাংলাদেশি জিম্মি হওয়ার খবর নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন সরকারের দুই মন্ত্রী।
মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মঙ্গলবার জানান, সরকার জিম্মিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেনি। কিন্তু একই দিন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, বাংলাদেশি জিম্মি হওয়ার কোনো খবর তার মন্ত্রণালয়ের কাছে নেই।
লিবিয়ার সরকারবিরোধী বিক্ষোভকারীরা গত কয়েকদিনে শতাধিক বাংলাদেশিসহ তিনশরও বেশি বিদেশিকে জিম্মি করেছে বলে সোমবার খবর পাওয়া যায়। দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি থেকে প্রায় ৩৫০ কিলো মিটার পূর্বে দারনা সিটিতে তাদের আটক রাখা হয়েছে বলে জিম্মি থাকা এক বাংলাদেশি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বাংলাদেশি ওই নাগরিক শফিউদ্দিন বিশ্বাসের ভাই জিন্নাত আলী বিশ্বাস মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা যতোটা জানতে পেরেছি, অবস্থা আগের মতোই রয়েছে। আজ তাদের কেবল একটি করে রুটি খেতে দেওয়া হয়েছে।"
এর আগে শফিউদ্দিন বিশ্বাস সোমবার দুপুরে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত শুক্রবার বিকালে ৩০/৪০ জন সশস্ত্র ব্যক্তি আমাদের ক্যাম্প অফিস থেকে জিম্মি করে প্রায় ২০ কিলোমিটার দূরে একটি মসজিদে নিয়ে যায়। পরের দিন স্থান পরিবর্তন করে পাশের দুটি কমিউনিটি সেন্টারে আমাদের আনা হয়েছে।"
'জিম্মিরা ভালো আছেন'
মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "জিম্মি কর্মীদের সঙ্গে অনেকবার যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হয়েছে। এখনো তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। আমরা এখনো যোগাযোগ স্থাপনের চেষ্টা করে যাচ্ছি।"
"তবে বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে যতটুকু খবর পাওয়া গেছে, তাতে তারা ভাল আছেন। তাদের বেনগাজির একটি কমিউনিটি সেন্টারে আটকে রাখা হয়েছে। তাদের সঙ্গে ভাল আচরণ করা হচ্ছে," যোগ করেন তিনি।
মন্ত্রী বলেন, " আমরা লিবিয়ায় এই বাংলাদেশি কর্মীদের নিয়োগদাতা কোম্পানিগুলোর সঙ্গে কথা বলেছি। বাংলাদেশি কর্মীদের উদ্ধার এবং নিরাপদ স্থানে সরিয়ে নিতে তাদেরকে অনুরোধ করেছি। তারাও এ জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।"
লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসে এ সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে বলেও জানান মোশাররফ হোসেন।
'বাংলাদেশি জিম্মি হওয়ার খবর নেই'
বাংলাদেশি জিম্মিদের বিষয়ে জানতে চাইরে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের বলেন, "লিবিয়ায় বাংলাদেশিদের জিম্মি করার কোনো খবর আমাদের কাছে নেই।"
লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের কারণে বাংলাদেশ সরকার সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে দূতাবাস ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
পরিস্থিতি বেশি খারাপ হলে লিবিয়া থেকে বাংলাদেশিদের প্রত্যাহার করার ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক সংস্কারের দাবিতে লিবিয়ায় গত কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভ রাজধানী ত্রিপোলিতে ছড়িয়ে পড়লে মুয়াম্মার গাদ্দাফির সরকার কঠোরভাবে তা দমন করছে। বুধবার বিক্ষোভ শুরুর পর সহিংসতায় দুই শতাধিক লোক নিহত হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে।
বাংলাদেশে নিযুক্ত লিবীয় রাষ্ট্রদূত আহমেদ আতিয়া হামাদ আল-ইমানসহ বিভিন্ন দেশে লিবীয় কূটনীতিকরা পদত্যাগ বা সরকারের পক্ষত্যাগ করেছেন।
মঙ্গলবার লিবিয়া সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়, রাষ্ট্রদূতের পদত্যাগের পরিপ্রেক্ষিতে ঢাকায় লিবীয় দূতাবাসের অ্যাসিট্যান্ট সেক্রেটারি (কোঅপারেশন) এশতিউই এলফিলাইদনি চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/১৭০৭ ঘ.
bdnews24