নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেতুর কাছে রডভর্তি একটি ট্রাক ৩টি অটোরিকশা ও একটি টেম্পুকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছে। আহতরা অটোরিকশা ও টেম্পুর যাত্রী। দুর্ঘটনার পর লোকজন জড়ো হওয়ায় মহাসড়কের এক পাশে আধাঘণ্টা যানবাহন বন্ধ থাকে।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ গিয়ে লোকজনকে বুঝিয়ে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি শাহরিয়ার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকটি কাঁচপুর সেতুর কাছে স্ট্যান্ডে দাড়িয়ে থাকা সিএনজি চালিত ৩টি অটোরিকশা ও একটি টেম্পুকে পেছন থেকে চাপা দেয়। এতে ৩ অটো রিকশা ও টেম্পুর পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অজ্ঞাত কিশোর (১৬) নিহত হয়। আহত হয় আহসানউল্লাহ, বাতেন মিয়া, রহিমা, রোজিনা ও নজির হোসেনসহ ১০ জন।
ওসি জানান, লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে ৫জনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরো জানান, লাশের পরনে ছিলো লুঙ্গি ও শার্ট। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৫৫ ঘ.
bdnews24