ঢাকা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা বানান ও উচ্চারণ রীতি নিয়ে এক ধরনের 'বিভ্রাট' রয়েছে মন্তব্য করে তা দূর করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, "ভাষা হচ্ছে একটি জাতির অন্তর্নিহিত শক্তি। সাম্প্রতিক সময়ে বাংলা ভাষার ব্যবহার ও চর্চার ক্ষেত্রে নানা ধরণের বিচ্যুতি ও বিভ্রাট লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে আমাদের তরুণ শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন।"
সোমবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে 'এশিয়ার বর্ণমালা ও লিপি বৈচিত্র' শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
২১ ফেব্র"য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত চার দিনের অনুষ্ঠানমালার প্রথম দিন প্রধানমন্ত্রী এ প্রদর্শনীর উদ্বোধন করেন।
বাংলা বানান ও উচ্চারণ রীতি নিয়ে 'বিভ্রাট' প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "এক্ষেত্রে আমাদের ভাষাবিদদের সক্রিয় হতে হবে। সবার কাছে গ্রহণযোগ্য এবং বিজ্ঞানসম্মত একটি বানান ও উচ্চারণরীতি তৈরি করতে হবে।"
এ ব্যাপারে বাংলা একাডেমি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ এবং গবেষণা প্রতিষ্ঠানকে মনোযোগ দেওয়ারও আহবান জানান তিনি।
একুশে ফেব্র"য়ারির তাৎপর্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, "আমাদের মাতৃভাষা বিশ্বের দরবারে সমুন্নত রাখাই আমাদের লক্ষ্য। কারণ, মাতৃভাষার জন্য রক্ত দিয়েছি আমরা। পাশাপাশি বিশ্বের সকল মাতৃভাষাকেও আমরা সম্মান করবো।"
এ লক্ষ্যে চলতি অর্থবছর সরকার একশ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, "বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর ছয় হাজারেরও বেশি ভাষার মধ্যে প্রায় আড়াই হাজার ভাষা হারিয়ে যাওয়ার হুমকির মধ্যে রয়েছে। এসব ভাষাকে বিলুপ্তি থেকে রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে।"
"আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের কাজ হবে পৃথিবীর সকল ভাষার উৎস, বিবর্তন ও পরিণতির ইতিহাস নিয়ে গবেষণার মাধ্যমে ভাষার উন্নয়ন, সংরক্ষণ এবং সমন্বয় সাধন করা," যোগ করেন তিনি।
অচিরেই এ ইন্সটিটিউটে জনবল নিয়োগ করে পুরোদমে কার্যক্রম শুরু হবে বলেও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের ওপর গবেষণা আরো বাড়ানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, "রবীন্দ্রনাথের চর্চা মানে বাংলা ভাষা ও বাঙালীর মর্যাদাকে আরো উঁচুতে নিয়ে যাওয়া।"
মাতৃভাষার জন্য যারা জীবন দিয়ে গেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "মূলত একুশের চেতনা থেকেই আমাদের জাতিসত্ত্বার বিকাশ ঘটে।"
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৯৪৩ ঘ.
bdnews24