পাবনা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি বাসে তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে- চার কেজি গান পাউডার ও চার কেজি সালফার পাউডার।
সোমবার বেলা ১টার দিকে উপজেলার সাত মাইল এলাকায় ঈশ্বরদী-পাবনা মহাসড়কে নবেল এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
পাবনা র্যাব-১২ এর উপ-অধিনায়ক আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বোমা তৈরীর সরঞ্জাম পাচার হচ্ছে খবর পেয়ে এ অভিযান চালানো হয়।"
তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে বাসের চালক আবুল কালাম (২৮) ও সহকারী তুফান আলীকে (৩৫) আটক করা হয়েছে। তাদের বাড়ি পাবনার দাপুনিয়া এলাকায়।
ঈশ্বরদী থানার ওসি সামিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসটি ঈশ্বরদীর নয়। এটি রাজশাহীর বাঘা ও চারঘাট থেকে ঈশ্বরদী হয়ে পাবনায় যাতায়াত করে।"
ঈশ্বরদী থেকে বিষ্ফোরক দ্রব্য পাচার সম্ভব নয় দাবি করে তিনি বলেন, বাঘা বা চারঘাট এলাকা থেকে এই বিস্ফোরক আসতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এইচএ/১৯২৬ ঘ.
bdnews24