নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকর্মীর মৃত্যুতে ক্ষতিপূরণ দাবি করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মেলামাইন কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
এ সময় শ্রমিকরা চারটি গাড়ি ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করলে কমপক্ষে ১০ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপগঞ্জ উপজেলার বরাবো এলাকায় শরীফ মেলামাইন কারখানার তিন-চারশ শ্রমিক সোমবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।
এতে মহাসড়কের উভয় দিকে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
শ্রমিকরা জানায়, দুপুর ১২টার দিকে কারখানায় কাজ করার সময় কাটিং বিভাগের শ্রমিক মাজহারুল ইসলাম (২৫) বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। সে বরাবো এলাকার ইয়াদ আলীর ছেলে।
রূপগঞ্জ থানার ওসি ফোরকান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই শ্রমিকের মৃত্যুতে কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। এ নিয়ে তারা কারখানার ভেতরে বিক্ষোভ করে।"
তিনি জানান, এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
তিনি জানান, লাঠিপেটা করে বিক্ষুদ্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে দুপুর পৌনে ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় ১০ শ্রমিক আহত হয়েছে।
এদের মধ্যে পাঁচ জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- আবদুল করিম, কাদের, জসিম, হালিম, শহর আলী ও জেসমিন। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শ্রমিকরা জানায়, কারখানায় কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে মাজহারুল।
তাকে আশঙ্কাজনক অবস্থায় খানপুরে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, সে বেঁচে নেই।
শ্রমিকরা অভিযোগ করেন, কর্তৃপক্ষের অবহেলা ও যথাযথ চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে। ক্ষতিপূরণ দাবি করলে কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায়।
ওসি জানান, মাজহারুলের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৯১৩ ঘ.
bdnews24