দিনাজপুর, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় চুরি যাওয়া মটর সাইকেল উদ্ধারের সময় গ্রামবাসীর ওপর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলিতে একজন আহত হওয়ার অভিযোগ উঠেছে।
তবে ডিবি পুলিশ এ অভিযোগ অস্বীকার করে জানায়, তারা ফাঁকা গুলি ছুড়েছে।
রোববার রাতে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের শিয়ালকোট গ্রামের মোহাম্মদ আলী মাস্টারের বাড়িতে অভিযান চালায় ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় গ্রামবাসী ডাকাত মনে করে ডিবি পুলিশকে ঘেরাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা গুলি ছুড়লে আলী মাস্টারের ছেলে মাহমুদুল (২৩) গুলিবিদ্ধ হন।
ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রামবাসী আমাদের ঘিরে ফেললে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। কেউ গুলিবিদ্ধ হয়নি।"
তবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাহমুদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার বাম পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে।"
মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাহমুদুল ডিবি পুলিশের গুলিতেই আহত হয়েছে।"
এ বিষয়ে ওসি মেহেদী হাসান বলেন, "গুলিতে নয়, সে অন্য কোনোভাবে আহত হতে পারে।"
অভিযানে মাহমুদুলের ভাই জিয়ারুল (২৭) হককে মটর সাইকেলসহ আটক করা হয়। মটর সাইকেল চুরির মামলায় গ্রেপ্তার আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী এ অভিযান চালানো হয় বলে জানান মেহেদী।
তিনি বলেন, গত ৬ ফেব্র"য়ারি দায়ের হওয়া ওই মামলায় এর আগে ঠাকুরগাঁও থেকে সাজেরুল, জব্বার, মইনুল, মজিবরকে ও বীরগঞ্জ উপজেলা থেকে হাসান নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
ইউপি চেয়ারম্যান আমিনুল জানান, ঘটনাস্থল থেকে তিনটি তাজা গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করে পার্বতীপুর থানায় জমা দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, জিয়ারুলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে নয়তো ডিবি পুলিশ কোথাও ভুল করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৬২০ ঘ.
bdnews24