কুড়িগ্রাম, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের মধ্যে থাকা ভারতের ছিটমহলগুলোতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে ২১ ফেব্রুয়ারি পালিত হয়েছে।
কর্মসূচি পালনের পাশাপাশি বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের দাবিও তুলেছেন তারা।
সোমবার ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের ১১১টি ছিটমহলে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনার তৈরি করে ফুল দেওয়া ও আলোচনা সভা হয়।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় ইউনিটের সহ-সাধারণ সম্পাদক দীপ্তিমান সেন গুপ্ত সাংবাদিকদের বলেন, "শহীদ মিনার আন্দোলনের শক্তি যোগায়। এজন্য বাংলাদেশ ও ভারতের ১৬২টি ছিটমহলে ৬৩ বছর ধরে অবরুদ্ধ সাড়ে ৩ লাখ মানুষের মুক্তির জন্য আমরা একুশে ফেব্রুয়ারি পালন করি।"
মুজিব-ইন্দিরা চুক্তি অনুযায়ী ছিটমহল বিনিময় দ্রুত বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় একুশ পালন করা হয়েছে বলে সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান।
সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অভ্যন্তরে অবস্থিত ভারতের দাসিয়ার ছড়া ছিটমহলের কালিরহাট বাজারে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে তাতে ফুল দেয় ছিটমহলবাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩০ ঘ.
bdnews24