বরিশাল, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল ইসলামিয়া কলেজ ছাত্রাবাস থেকে রোববার রাতে এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পুলক কুমার প্রমানিক (২০) ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিনি রাজশাহীর বাগমাড়া থানার সোনাডাঙ্গা গ্রামের রঘুনন্দন প্রামনিকের ছেলে।
ছাত্রাবাসের আবাসিক ছাত্র রাসেল ও শাহিন বলেন, পুলকের রুমের অপর তিনজন বাড়িতে থাকায় পুলক একা ছিলেন।
রাত ৮টায় তাকে ডেকে সারা না পাওয়ায় দরজার ফাঁক দিয়ে পুলককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
এ ঘটনায় কাউনিয়া থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
কাউনিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ছাত্রের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কক্ষের দরজা ভিতর থেকে আটকানো ছিল। তাই প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.
bdnews24