ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা ভাষার জন্য শহীদদের সোমবার (২১ ফেব্র"য়ারি) শ্রদ্ধা জানাবে বাংলাদেশ। একইসঙ্গে বিশ্ববাসী দিনটিকে পালন করবে মাতৃভাষা দিবস হিসেবে।
১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে গুলিতে প্রাণ হারান সালাম, জব্বার, শফিক, বরকত, রফিক।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর এক ঘোষণায় এ দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে।
প্রতিবারের মতো এবারও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে একুশের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে গোটা জাতি।
প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মহান একুশে ফেব্র"য়ারি কেবল বাঙালির নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার প্রতীক নয়, এটি পৃথিবীর সব নৃতাত্ত্বিক জাতি-গোষ্ঠীর ভাষা ও ঐতিহ্য রক্ষার অনুপ্রেরণা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে সব ভেদাভেদ ভুলে মহান একুশের চেতনায় ঐক্যবদ্ধভাবে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন।
বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া বাণীতে '৫২ সালের ২১ ফেব্র"য়ারির সব শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/২৩০১ ঘ.
bdnews24