২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চেই মানবাধিকার কমিশনের কৌশলপত্র

আগামী মার্চ নাগাদ মানবাধিকার কমিশনের কৌশলপত্র চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 11:02 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মার্চ নাগাদ মানবাধিকার কমিশনের কৌশলপত্র চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে কমিশন আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা জানান। ড. মিজানুর রহমান বলেন, "১৫ মার্চের মধ্যে কৌশলপত্র প্রণয়ন বিষয়ক সব কর্মশালা শেষ হবে। ৩১ মার্চ রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদনের সঙ্গে চূড়ান্ত কৌশলপত্রটি উপস্থাপন করা হবে।" গত বছরের ২৭ অক্টোবর কমিশনের খসড়া কৌশলপত্র প্রণয়ন করা হয়। জাতীয় মানবাধিকার কমিশনের 'সামর্থ্য উন্নয়ন প্রকল্পের' আওতায় 'বাংলাদেশে মানবাধিকার সংস্কৃতি বিনির্মাণ' শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়ে তাদের অভিমত ও পরামর্শ তুলে ধরেন। কমিশন চেয়ারম্যান জানান, এসব পরামর্শ আমলে নিয়েই কৌশলপত্রটি চূড়ান্ত করা হবে। কমিশন 'অধিকার ভিত্তিক কিন্তু দায়িত্ব নির্দেশক' কার্যক্রম পরিচালনা করতে চায়- এমন মন্তব্য করে তিনি বলেন, "মূল্যবোধ হারিয়ে গেছে। মূল্যবোধের পুনঃজাগরণ ঘটিয়ে তা সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। "আমাদের পক্ষপাতিত্ব গরিবের প্রতি। তাদের অধিকার রক্ষায় রাষ্ট্রের যেভাবে পাশে দাঁড়ানো প্রয়োজন ছিল সেভাবে দাঁড়ায়নি। মানবাধিকার কমিশন দাঁড়াবে", বলেন মিজানুর রহমান। কর্মশালায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী এবং বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) প্রতিনিধিরা অংশ নেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ড. জাকির হোসেন, মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান ও সচিব শামসুজ্জামান খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/কেএমএস/১৬৪৯ ঘ.