২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীর ওপর নজরদারীবিচারককে বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন

সহকর্মীর বাসায় গোপন ক্যামেরা স্থাপনের দায়ে এক বিচারককে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 11:30 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহকর্মীর বাসায় গোপন ক্যামেরা স্থাপনের দায়ে এক বিচারককে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট। শনিবার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এ অনুমোদন দেওয়া হয়। ওই বিচারকের নাম মো. ইলিয়াস রহমান। তিনি বর্তমানে সহকারী জেলা জজ হিসাবে বরিশালে কর্মরত আছেন। সুপ্রিম কোর্টের একটি নির্ভরযোগ্য সূত্র নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, ওই বিচারক বাগেরহাটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত থাকাকালে এক সহকর্মীর বাসায় গোপনে ক্যামেরা স্থাপন করেন। এ অভিযোগের প্রেক্ষিতে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটি তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সুপারিশ করে। শনিবার তাতেই অনুমোদন দিলো সুপ্রিম কোর্ট। ওই ঘটনার পর সহকারী জেলা জজ হিসাবে বদলি হয়ে বরিশালে যান ইলিয়াস রহমান। এছাড়া ফুল কোর্ট সভায় ব্রাহ্মণবাড়িয়ার সহকারী জজ মো. আব্দুর রহমান এবং চাঁদপুরের সহকারী জজ মোহাম্মদ সাইফুর রহমানকে সিনিয়র সহকারি জজ হিসাবে পদন্নোতি দেওয়ার বিষয়ে বাছাই কমিটির সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সূত্রটি জানিয়েছে, বৈঠকে হাইকোর্ট ডিভিশন রুলস-এর সংশোধন, পরিবর্ধন ও পরিমার্জন নিয়েও আলোচনা হয়েছে। তবে বিষয়টি অনুমোদন পায়নি। এ বিষয়ে বিচারপতিদের মতামত চাওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭১৯ ঘ.