২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা-যশোরে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১৪

যশোর ও কুমিল্লায় পাঁচ ঘণ্টার ব্যবধানে পৃথক দু'টি লেভেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 09:49 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর ও কুমিল্লায় পাঁচ ঘণ্টার ব্যবধানে পৃথক দু'টি লেভেল ক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫০ জন। শনিবার সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল লেভেল ক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেসের সঙ্গে একটি লোকাল বাসের সংঘর্ষে ১০ জন মারা যায়। এর আগে ভোর সোয়া ৫টার দিকে যশোর সদরে রাজারহাট লেভেল ক্রসিং অতিক্রমের সময় ঢাকা ছেড়ে আসা এ কে ট্রাভেলসের একটি বাসের সঙ্গে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসের সংঘর্ষ হয়। এতে মারা যায় চার জন। যশোরে নিহত দুই বাসযাত্রীর পরিচয় জানা গেছে। এরা হলেন- মনিরামপুর উপজেলার দেবীদারপুরের মমতাজ বেগম (৩২) এবং কেশবপুর উপজেলার কেশবপুর বাজারের আল হেলাল বাপ্পী (২৩)। নিহত অন্য দু'জন পুরুষ। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ওসি জহিরুল হক সাংবাদিকদের বলেন, "সুবর্ণ এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি কয়েক গজ দূরে ছিটকে পড়ে। এ সময় বাসের অনেক যাত্রী পাশের একটি পুকুরে পড়ে যায়।" তিনি জানান, দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দু'জনের লাশ তাদের স্বজনরা বাড়ি নিয়ে গেছেন। নিহতরা হলেন- কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ এলাকার পাখি আক্তার, শশীদল উত্তর পাড়ার মো. নাহিদ (১৭), মো. ফয়সল (১৮), শশীদলের নয়নপুর গ্রামের আনু সরকার, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাহাপাড়া গ্রামের সিরাজুল ইসলাম, বুড়িচং উপজেলার রাজাপুরের সাবিনা (১৩), মিরপুর পূর্ব পাড়ার সোহেল (১৫), কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার খইরত এলাকার আলাউদ্দিন, কুড়িগ্রামের নাগেশ্বীর উপজেলার বাদশা ও ফরিদ উর রহমান। আহতদের ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা সদর হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পরপরই কুমিল্লা জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে যান। খন্দকার সোহেল কাশেম নামে সুবর্ণ এক্সপ্রেসের এক জন যাত্রী কুমিল্লা স্টেশনে সাংবাদিকদের বলেন, লেভেল ক্রসিং পার হওয়ার সময় বাসের পেছনের অংশে ট্রেনটির ধাক্কা লাগে। এতে বাস যাত্রীরা ছিটকে পাশের পুকুরে পড়েন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রেলপথ অবরোধ করে লেভেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবি জানায়। পুলিশ সুপারিনটেনডেন্ট মোখলেসুর রহমান জনতার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। কুমিল্লার লাকসাম রেলওয়ে পুলিশের ওসি মো. শহিদুল্লা ১০ জন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাস চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তবে তাৎক্ষণিকভাবে বাস চালকের নাম জানাতে পারেননি তিনি। যশোর সদর উপজেলার কোতয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, "ট্রেনের ধাক্কায় এ কে ট্রাভেলসের বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তা থেকে প্রায় ১০০ গজ দূরে একটি গর্তে পড়ে যায়।" প্রথমে স্থানীয়রাই উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারে হাত লাগায়। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। আহত বাসের যাত্রীরা বলেছেন, লেভেল ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ বিষয়ে রেল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/এমআই/১৯২৯ ঘ.