ঝিনাইদহ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গায় এক পুলিশ কনস্টেবলের বাড়িতে অভিযান চালিয়ে রিভলবারের ৭০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। গ্রেপ্তার করা হয়েছে ওই পুলিশ সদস্যের স্ত্রীকে।
শনিবার সকাল ১১টায় আলমডাঙ্গা উপজেলা সদরের কলেজপাড়ায় পুলিশ কনস্টেবল আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয় বলে র্যাবের চুয়াডাঙ্গা ফাঁড়ির অধিনায়ক রেজাউল করিম জানিয়েছেন।
কুষ্টিয়ায় কর্মরত কনস্টেবল রহমানের ওই বাড়িতে তার স্ত্রী মুকুলি বেগম ও ছেলে ইমরান থাকেন।
আলমডাঙ্গা থানার ওসি আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুকুলি উপজেলা পরিষদে চাকরি করেন। তিনি ও তার ছেলে ইমরানের বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ রয়েছে।
র্যাব কর্মকর্তা রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়্যার ড্রবের ভেতরে রিভলবারের ৭০ রাউন্ড গুলি পাওয়া যায়।"
ইমরানকে বাড়িতে পায়নি পুলিশ। গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মুকুলিকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.
bdnews24