গাজীপুর, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের দুর্গাপুরে শুক্রবার একটি সনাতন ধর্মীয় অনুষ্ঠানে কয়েকজন দুর্বৃত্ত হামলা করেছে।
বৃহস্পতিবার থেকে চারদিনব্যাপী কীর্তন অনুষ্ঠানের দ্বিতীয় দিন এ হামলায় তাদের মারধরে অন্তত ১০ জন আহত হন। এ সময় তারা অনুষ্ঠানস্থলে ভাঙচুরও চালায়।
এ ঘটনায় রাতে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
লীলা কীর্তনের আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ক্ষীতিশ চন্দ্র বলেন, ষোল প্রহর অষ্টকালীন লীলাকীর্তনে অতিথিদের আপ্যায়নের রান্নার জন্য ৫০টি বড় পাতিল ভাড়া করে লীলাকীর্তন কর্তৃপক্ষ।
শুক্রবার বিকাল ৪টার স্থানীয় কয়েকজন তরুণ লীলাকীর্তন কর্তৃপক্ষের কাছে ১০টি পাতিল দিতে বলে।
এতে তারা রাজি না হলে ওই তরুণরা হামলা চালায়। পরে এলাকাবাসী ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
হামলায় ক্ষীতিশ চন্দ্র, রাজকুমার, নিরঞ্জন সরকার, সত্যচান, বাবুল হোসেনসহ অন্তত ১০ জন আহত হন। তাদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো. এমদাদুল হক বলেন, ক্ষীতিশ চন্দ্র বাদী হয়ে হাসান মণ্ডল, সাইদুর রহমান, জহির উদ্দিন, আলম হোসেন, শাহজাহান ও সবুজকে বিবাদী করে একটি জিডি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৯ ঘ.
bdnews24