চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌন হয়রানির অপরাধে এক তরুণকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম রবিউল ফয়সাল এ আদেশ দেন বলে পুলিশ জানিয়েছে।
দণ্ডপ্রাপ্তের নাম তাজুল ইসলাম (১৮)। তিনি রহনপুর পৌর এলাকার মকরোমপুর মহল্লার বাসিন্দা।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাজুল প্রায়ই প্রসাদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন।
এ বিষয়ে স্কুলছাত্রীর বাবা বৃহস্পতিবার সন্ধ্যায় ইউএনওকে অভিযোগ করেন।
ইউএনও তাজুলকে তার কার্যালয়ে ডেকে আনেন এবং উভয় পক্ষের বক্তব্য শুনে তাজুলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫১৫ ঘ.
bdnews24