ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকেশ্বরী মন্দিরের চুরির ঘটনায় আরো তিন জনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, এরাই চুরির মূল পরিকল্পনাকারী।
এছাড়া সূত্রাপুর কালী মন্দিরের চুরিতে জড়িত সন্দেহে এক জনকেও গ্রেপ্তার করা হয়েছে।
দুই মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার চার জনকে শুক্রবার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাজির করা হয়।
ঢাকেশ্বরী মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার তিন জন হলেন- গরীবুল্লাহ ওরফে আসলাম (২৪), মো. মনির (২৪) ও তার ভগ্নিপতি মনির (২৭)। এই চুরিতে জড়িত সন্দেহে এর আগে আরো চার জনকে গ্রেপ্তার করা হয়।
সূত্রাপুর কালী মন্দিরে চুরির ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সেলিম (৩৫)।
মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, "ঢাকেশ্বরী মন্দিরে চার জন চুরি করে। ওই রাতে তারা চুরির পর লুণ্ঠিত মালামাল রিকশায় করে কারওয়ান বাজার নিয়ে যায়। সেখানে সবজি দিয়ে মালামালগুলো ঢেকে ফেলে।"
গত ৮জানুয়ারি রাতে পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে চুরি হয়। খোয়া যায় প্রায় ২০০ ভরি সোনা ও প্রণামি বাক্সের কয়েক লাখ টাকা। সূত্রাপুর কালী মন্দিরে চুরি হয় ২ ফেব্র"য়ারি।
চুরি হওয়া মালামাল ও ঢাকেশ্বরী মন্দিরের ফটকের ১১টি তালা ও চুরির কাজে ব্যবহৃত রিকশাটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কারের মধ্যে রয়েছে সোনার চারটি বড় বালা, পাঁচটি চুড়ি, পাঁচটি আঙটি, দুই জোড়া কানের দুল, একটি টিকলি ও দুটি চেইন।
আসলামের স্বীকারোক্তি অনুযায়ী মন্দিরের দক্ষিণ পাশের একটি কারখানার ছাদে ইটের টুকরার নিচে ১১টি তালা পাওয়া যায় বলে পুলিশ জানায়।
উদ্ধার করা তালাগুলো মন্দিরের বলে সনাক্ত করেছেন ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ। তবে স্বর্ণালঙ্কারগুলো এখনো পুলিশ তাদের দেখায়নি বলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
গোয়েন্দা কর্মকর্তা মনিরুল বলেন, মন্দিরে চুরি পেশাদার চোরদের কাজ। এর সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা কিংবা মন্দিরের কারো জড়িত থাকার প্রমাণ মেলেনি বলে জানান তিনি।
গ্রেপ্তার আসলাম সাংবাদিকদের বলেন, "ওই রাতে আমি, দুই মনির ও শাহ আলম চুরি করি। মনির রিকশা নিয়ে বাইরে পাহারা দেয়। আর আমরা তিন জন এক এক করে তালা কেটে ভেতরে ঢুকি।"
শাহ আলমকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আসলাম স্বীকার করেন, তিন বছর ধরে তিনি মন্দিরে চুরি করে আসছেন। তার দল এ নিয়ে ১৫/২০টি মন্দিরে চুরি করেছে। তার মতে, মন্দিরের চুরি করা বাড়িতে চুরি করার চেয়ে সহজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৪৩০ ঘ.
bdnews24