চট্টগ্রাম, ফেব্র"যারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও গণফোরাম প্রেসিডিয়াম সদস্য মাওলানা আহমেদুর রহমান আজমী মারা গেছেন।
তার ছোট ছেলে ফারুক আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুরহাট গ্রামের দেওখালীতে নিজের বাড়িতে মাওলানা আজমীর মৃত্যু হয়।
এই ভাষা সৈনিকের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আহমেদুর রহমান আজমী ১৯২৮ সালের ২ নভেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। এছাড়া বাংলাদেশ কৃষক সমিতির কর্মকাণ্ড এবং দেশের সকল প্রগতিশীল আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিলেন তিনি।
১৯৫২ সালে চট্টগ্রামে ভাষা আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং তা সংগঠিত করতে সক্রিয় ভূমিকা রাখেন এই নেতা।
তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
গণফোরামে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন।
ফারুক আজাদ জানান, শুক্রবার জোহরের নমাজের পর জানাজা শেষে মাওলানা আহমেদুর রহমান আজমীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/০০৪৫ ঘ.
bdnews24